রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দুপুর ৩টা ৩৫ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। কামচাটকা উপদ্বীপের দক্ষিণ প্রান্তের কাছে ওজেরনভস্কিয় শহর থেকে প্রায় ৭৬ কিলোমিটার (৪৭ মাইল) উত্তর-পূর্বে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪৩.২ কিলোমিটার (৮৯ মাইল) গভীরে।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা বেশি হলেও এর গভীরতা বেশি থাকায় কোনো সুনামি আঘাত হানার আশঙ্কা নেই বলে জানিয়েছে মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।


