...|...|...

খেলা

নিষিদ্ধ হলেও দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন সেই রেফারি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, সকাল ৮:২৫ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬, রাত ১২:০৬
Shares
নিষিদ্ধ হলেও দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন সেই রেফারি

সোমালিয়ার রেফারি ওমর আরতান। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে ম্যাচ পরিচালনার ঐতিহাসিক সুযোগটি হাতছাড়া হলেও নিজ দেশে বীরোচিত অভ্যর্থনা পেয়েছেন সোমালিয়ার রেফারি ওমর আরতান। বিশ্বকাপ প্যানেল থেকে বাদ পড়ে দেশে ফেরার পর বিমানবন্দরে তাকে রাজকীয়ভাবে স্বাগত জানানো হয়। এ সময় সোমালিয়ার সরকারি কর্মকর্তা, ফুটবল ফেডারেশনের প্রতিনিধি, সহকর্মী রেফারি এবং শত শত সমর্থক উপস্থিত ছিলেন।

৩৪ বছর বয়সী ওমর আরতান প্রথম সোমালিয়ান রেফারি হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে ম্যাচ পরিচালনার জন্য নির্বাচিত ৫২ জনের তালিকায় জায়গা পেয়েছিলেন। কিন্তু ফ্লোরিডায় রেফারিদের অফিশিয়াল প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে যাওয়ার সময় মিয়ামি বিমানবন্দরে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়।

যুক্তরাষ্ট্রের দাবি, অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের সময় আরতানের বিরুদ্ধে সন্দেহভাজন সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যোগাযোগ রাখার প্রমাণ পাওয়া গেছে। এই গুরুতর অভিযোগের ভিত্তিতে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দিয়ে ডিপোর্ট (বহিষ্কার) করা হয়। তবে ওমর আরতান শুরু থেকেই এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করে আসছেন।

মিয়ামি বিমানবন্দরে প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে তুরস্ক হয়ে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ফেরত পাঠানো হয়। গতকাল বুধবার (১০ জুন) দেশে পৌঁছালে তাকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয় এবং পরবর্তীতে তিনি দেশের প্রেসিডেন্টের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।