...|...|...

রাজধানী

নভেম্বর থেকে ঢাকায় নতুন নিয়মে চলবে বাস, এক রুটে এক কোম্পানি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, রাত ১১:১৭
Shares
নভেম্বর থেকে ঢাকায় নতুন নিয়মে চলবে বাস, এক রুটে এক কোম্পানি

ছবি: সংগৃহীত

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে আগামী ১ নভেম্বর থেকে ছয়টি সাধারণ বাস রুটে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘এক রুট, এক কোম্পানি’ ব্যবস্থা। নতুন নিয়মে প্রতিটি রুটে একটি কোম্পানির অধীনে সমন্বিতভাবে বাস চলবে। এতে বাসের অসুস্থ প্রতিযোগিতা ও যত্রতত্র যাত্রী ওঠানামা কমবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকভাবে পাঁচটি নন-এসি ও একটি এসি রুটে এ কার্যক্রম শুরু হবে। পাশাপাশি তিনটি সার্কুলার রুটে বাস চালুর পরিকল্পনা রয়েছে। এসব রুটে বাস চলাচল শুরু হতে আরও প্রায় দুই মাস সময় লাগতে পারে।

ডিটিসিএর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম জানান, ১ নভেম্বর থেকে ছয়টি সাধারণ রুটে নতুন ব্যবস্থায় বাস চলাচল শুরু হবে। এসব রুটে নির্ধারিত কোম্পানির অধীনে বাস পরিচালিত হবে।

প্রস্তাবিত রুটগুলোর মধ্যে রয়েছে গাজীপুর চৌরাস্তা-ঢাকেশ্বরী মন্দির, মিরপুর-কেরানীগঞ্জ, ঘাটারচর-ডেমরা, ঘাটারচর-কাঁচপুর, ঘাটারচর-ধউর এবং টঙ্গী-ঢাকেশ্বরী। এসব রুটে বিভিন্ন পরিবহন কোম্পানির বাস নির্দিষ্ট প্রতিষ্ঠানের অধীনে পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।

এ ছাড়া ফার্মগেট-পলাশী, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড-পলাশী এবং কদম চত্বর-পঞ্চবটি রুটে সার্কুলার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থা কার্যকর করতে বাসস্টপেজ নির্ধারণ, টিকিট কাউন্টার স্থাপন, ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ এবং অনুমোদনহীন ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে। বাসস্টপেজ ছাড়া অন্যত্র যাত্রী ওঠানামা বন্ধে নজরদারি বাড়ানোর কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পরিবহন মালিক-শ্রমিক নেতাদের মতে, রুটভিত্তিক বাস পরিচালনা চালু হলে অসুস্থ প্রতিযোগিতা কমতে পারে। তবে যোগাযোগ বিশেষজ্ঞদের মতে, শুধু একটি রুটে একটি কোম্পানির বাস চালালেই যানজট কমবে না। নির্ধারিত রুটে অন্য বাসের চলাচল নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন প্রয়োগ এবং অন্যান্য যানবাহনের সুষ্ঠু ব্যবস্থাপনাও জরুরি।