...|...|...

সারাদেশ

বাস-ট্রাক সংঘর্ষে ১৪ মৃত্যু

বাস চালাচ্ছিলেন সুপারভাইজার, পেছনের সিটে ঘুমাচ্ছিলেন চালক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩৬
Shares
বাস চালাচ্ছিলেন সুপারভাইজার, পেছনের সিটে ঘুমাচ্ছিলেন চালক

ছবি: সংগৃহীত

নাটোরের বনপাড়ায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হওয়ার ঘটনায় নতুন তথ্য জানিয়েছেন বাসটির কয়েকজন যাত্রী। তাদের দাবি, দুর্ঘটনার সময় আরপি স্পেশাল পরিবহনের বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার সোহেল রানা। এ সময় বাসের চালক ও তার সহকারী পেছনের আসনে ঘুমাচ্ছিলেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর চারটার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৩২ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় নিহত সোহেল রানার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি আগে বাস চালাতেন। প্রায় দুই বছর আগে সুপারভাইজারের দায়িত্ব নেন।

দুর্ঘটনায় আহত বাসযাত্রী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রমজান আলী জানান, তিনি চালকের আসনের দুই সারি পেছনে বসেছিলেন। তার দাবি, রাত আনুমানিক তিনটার দিকে বাসটি পাবনার ঈশ্বরদীতে পৌঁছালে চালকের আসন থেকে উঠে যান চালক। এরপর সুপারভাইজার বাস চালাতে শুরু করেন। চালক ও তার সহকারী পেছনের আসনে গিয়ে ঘুমিয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা পর বনপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সাথে বাসের সংঘর্ষ হয়।

বাসের আরও দুই যাত্রী ইয়াকুব আলী ও আব্দুস সালামও একই ধরনের তথ্য দিয়েছেন। তারা জানান, সোমবার সন্ধ্যা সাতটার দিকে বরগুনা থেকে বাসটি যাত্রা শুরু করে। ঈশ্বরদীতে বিরতির পর পুনরায় যাত্রা শুরু হলে সুপারভাইজার চালকের আসনে বসেন। কিছু সময় পরই দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুরে সোহেল রানার লাশ তার গ্রামের বাড়ি ফরাদপুরে পৌঁছালে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। খবর পেয়ে প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারাও তার বাড়িতে ভিড় করেন।

সোহেল রানার স্ত্রী ডলি বেগম জানান, তার স্বামী আগে বাস চালাতেন। প্রায় দুই বছর ধরে তিনি সুপারভাইজার হিসেবে কাজ করছিলেন।

দুর্ঘটনার সময় বাসটি কে চালাচ্ছিলেন, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হবে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।