...|...|...

জাতীয়

৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, বিকেল ৫:১৬ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩৮
Shares
৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

রাজশাহীতে জনসভায় যোগ দিয়ে প্রায় ৩৯ হাজার আখচাষির জন্য সরকারি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে নগরের ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভার মঞ্চে বসে ল্যাপটপের একটি বাটন চেপে তিনি এ কার্যক্রম চালু করেন।

উদ্বোধনের পরপরই কৃষকদের ব্যাংক হিসাবে প্রণোদনার অর্থ জমা হয়। পরে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে অর্থ জমার বিষয়টি জানতে পারেন উপকারভোগীরা।

প্রণোদনা বিতরণ কার্যক্রমের প্রথম পর্বে প্রধানমন্ত্রী জানান, মোট ৩৮ হাজার ৯৭০ জন কৃষককে ১২ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। এ সময় দেশের ১৫টি চিনিকল এলাকার ১৫ জন আখচাষির হাতে প্রতীকী চেক তুলে দেন তিনি।

প্রণোদনা বিতরণ অনুষ্ঠান শেষে জনসভার দ্বিতীয় পর্ব শুরু হয়। এতে বিএনপির সংসদ সদস্য ও দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজশাহী সফরে যান তারেক রহমান। মঙ্গলবার বিকেল ৩টার দিকে তিনি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান। নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে পৌঁছানোর কারণে সফরসূচিতে পরিবর্তন আনা হয়। ফলে নগরের গণকপাড়ায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন ও সার্কিট হাউসে মধ্যাহ্নবিরতির কর্মসূচি বাদ দিয়ে সরাসরি জনসভাস্থলে যান তিনি।

বিকেল সাড়ে ৩টার দিকে ঐতিহাসিক মাদরাসা মাঠে পৌঁছান প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানাতে আগে থেকেই সেখানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে রাজশাহী নগরে নানা প্রস্তুতি নেওয়া হয়। বিমানবন্দর থেকে জনসভাস্থলে যাওয়ার পথসহ বিভিন্ন সড়কে সংস্কার, পিচ ঢালাই ও রঙের কাজ করা হয়। পাশাপাশি দেয়ালে চিত্রকর্ম আঁকা, নালা মেরামত এবং ফুটপাত থেকে হকার সরিয়ে চলাচলের পথ পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়।

রাজশাহী সফর শেষে প্রধানমন্ত্রীর সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার সকালে তিনি রংপুরে রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করেন এবং সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন।