কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) জন্য একজন নতুন উপদেষ্টা বা ‘এআই জার’ নিয়োগ এবং একটি ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই দুটি উদ্যোগ বা এগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইনপ্রণেতাদের মধ্যে এআই প্রযুক্তির কারণে মানবজাতি ও সম্পত্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ দিন দিন বাড়ছে। চলতি মাসের শুরুর দিকে অ্যান্থ্রপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সন মন্তব্য করেছিলেন যে, এআই তৈরিতে যুক্ত ব্যক্তিরা আন্তরিকভাবে বিশ্বাস করেন যে এই দশকের শেষ নাগাদ এটি আমাদের সবাইকে মেরে ফেলতে পারে। তবে ট্রাম্প বারবার এআই নিয়ে উদ্বেগগুলোকে খাটো করে দেখেছেন এবং অতিরিক্ত নিয়ন্ত্রণ বা প্রবিধান অপ্রয়োজনীয় বলে যুক্তি দিয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ট্রাম্প তার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, আমরা কোনোভাবেই এই অবিশ্বাস্য শিল্পের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত বা দমিয়ে রাখব না।
তিনি আরও বলেন, বরং আমরা এটিকে লালন করব, সহায়তা করব এবং এটি যখন বড় হবে তখন এর দেখভাল করব! তবে, আমরা ‘খারাপ বিষয়গুলো’ও নজরে রাখব এবং আমাদের ইতোমধ্যেই বিদ্যমান অপরাধ ও দেওয়ানি বিচার ব্যবস্থার মাধ্যমেই আমরা খুব সহজেই তা করতে পারি।
রয়টার্সের তথ্যমতে, ট্রাম্প যদি তার এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন, তবে এটি হবে তার দ্বিতীয় কোনো এআই জার নিয়োগের ঘটনা। এর আগে, ভেঞ্চার ক্যাপিটালিস্ট ডেভিড স্যাক্স এই দায়িত্বে ছিলেন, যিনি পদত্যাগ করে একটি বহিরাগত উপদেষ্টা পদে চলে যান।
স্যাক্স নতুন এআই প্রবিধান নিয়ে ট্রাম্পের সংশয়কেই সমর্থন করে আসছেন। গত বুধবার পলিটিকোর এক অনুষ্ঠানে তিনি বলেন যে, এআই ডেভেলপারদেরই তাদের পণ্যের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে এবং কোনো সমস্যা দেখা দিলে তাদের দায়বদ্ধ করা যেতে পারে।
তিনি আরও বলেন যে নতুন কোনো ফেডারেল বা কেন্দ্রীয় নিয়মের প্রয়োজন নেই। হোয়াইট হাউস ট্রাম্পের এই পোস্টের বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।


