দীর্ঘ ফ্যাসিবাদি শাসনের অবসানের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হলেও নতুন সরকার সেই প্রত্যাশা পূরণ করতে পারছে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তার অভিযোগ, বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে এগোচ্ছে। এ পরিস্থিতিতে আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোটের মাধ্যমে সরকারের বিরুদ্ধে জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন রেজাউল করিম।
তিনি বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে গঠিত নির্বাচিত সরকার জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নিয়েছে। সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনে সরকারের বিরুদ্ধে যথাযথ জবাব দিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতেও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।
শ্রমিকদের অধিকার প্রসঙ্গে রেজাউল করিম বলেন, শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠার আদর্শ ইসলামে রয়েছে। তার মতে, ইসলামী শাসনব্যবস্থা ছাড়া শ্রমিকদের অধিকার বাস্তবায়ন সম্ভব নয়। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আদর্শ অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।


