...|...|...

রাজনীতি

‘মুসলমানদের মতো অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য’: হুইপ অপু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:১০
Shares
‘মুসলমানদের মতো অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য’: হুইপ অপু

ছবি: সংগৃহীত

মুসলমানদের মতো অন্য ধর্মের মানুষকেও নিজের পরিবারের সদস্য মনে করেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সব ধর্মের মানুষের নিজ নিজ উৎসব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের পৈতকাটি দুর্গামন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হুইপ অপু বলেন, সাধারণত রাজনৈতিক নেতারা পূজার দিন এলাকায় আসেন। তবে এবার প্রধানমন্ত্রী পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতে সংসদ সদস্যদের আগেভাগে নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই তিনি এলাকায় এসেছেন।

তিনি আরও বলেন, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। এ জন্য স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘মুসলমানরা যেমন আমার পরিবারের সদস্য, তেমনি অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য।’

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করছেন। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের বিভেদ বা উসকানি সৃষ্টির সুযোগ দেওয়া উচিত নয়। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কেউ যাতে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান হুইপ।

মন্দির পরিদর্শনকালে তিনি নগদ অর্থ ও চাল বিতরণ করেন। পরে উপজেলা হলরুমে উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা চিকিৎসক শাহ আলম সিদ্দিকীর হাতে ডেঙ্গু শনাক্তকরণের ৫০০টি কিট তুলে দেন।

এ সময় ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহউদ্দিন আইয়ুবী, ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান মধু, উজ্জল শিকদার, অ্যাডভোকেট শফিকুল ইসলাম এবং পৌরসভা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন মাদবরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।