...|...|...

রাজনীতি

ডিএনসিসি প্রশাসকের বক্তব্যের নিন্দা জানাল জামায়াত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:০৯ | আপডেট: ৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১৩
Shares
ডিএনসিসি প্রশাসকের বক্তব্যের নিন্দা জানাল জামায়াত

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের ৭০০টি অটোরিকশা নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া রাজনৈতিক দলের শীর্ষ নেতার বিরুদ্ধে এ ধরনের বক্তব্য দেওয়া দায়িত্বশীলতার পরিচয় নয়। একই সাথে বক্তব্যের পক্ষে প্রমাণ প্রকাশের দাবি জানিয়েছে দলটি।

শুক্রবার (৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের এ অবস্থান তুলে ধরেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে বলা হয়, ডিএনসিসি প্রশাসক একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলের মালিকানায় ৭০০টি অটোরিকশা থাকার বিষয়ে মন্তব্য করেছেন। বক্তব্যটি জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে বলে মনে করছে দলটি। জামায়াত ওই বক্তব্যকে কাল্পনিক, অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট বলে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে ডিএনসিসি প্রশাসকের কাছ থেকে জনগণ তথ্যনির্ভর, দায়িত্বশীল ও শালীন বক্তব্য প্রত্যাশা করে। কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত মালিকানায় ৭০০টি অটোরিকশা থাকার মতো গুরুতর দাবি করার আগে এর পক্ষে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ থাকা প্রয়োজন। প্রমাণ উপস্থাপন না করে এ ধরনের মন্তব্য করা দায়িত্বশীল আচরণের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

অটোরিকশা চলাচল ও নগরীর যানজট পরিস্থিতি প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং অটোরিকশাচালকদের জীবিকা-সংশ্লিষ্ট সমস্যাগুলো জনস্বার্থ ও বাস্তবতার ভিত্তিতে বিবেচনা করা দরকার। এসব বিষয়ে কোনো রাজনৈতিক দলের অবস্থানের সাথে দ্বিমত থাকলে যুক্তি, তথ্য ও বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে তা তুলে ধরা উচিত। কোনো নেতার বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ এনে বিতর্ক তৈরি করা সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে ডিএনসিসি প্রশাসককে তার বক্তব্যের পক্ষে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য তথ্য-প্রমাণ জনসমক্ষে প্রকাশের আহ্বান জানানো হয়। পাশাপাশি, অভিযোগের পক্ষে প্রমাণ দিতে না পারলে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।