...|...|...

জাতীয়

দেশের সব উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:০৮
Shares
দেশের সব উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা

দেশের সব উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী নির্ধারিত সময়ের মধ্যে সরকারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এখন থেকে সভা অনুষ্ঠিত হওয়ার ১৪ দিনের মধ্যে কার্যবিবরণীর একটি অনুলিপি সরকার ও সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের কাছে পাঠাতে হবে।

একই সাথে উপজেলা পরিষদের কার্যবিবরণীতে সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কার্যক্রম এবং সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরতে বলা হয়েছে। এর মধ্যে ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসকের কাছে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক রাসেল স্বাক্ষরিত চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৭(৪) ধারায় পরিষদের প্রত্যেক সভার কার্যবিবরণীর একটি অনুলিপি সভা অনুষ্ঠিত হওয়ার ১৪ দিনের মধ্যে সরকারের ও সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের কাছে পাঠানোর বিধান রয়েছে।

তবে নথি পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ উপজেলা পরিষদ থেকে আইন অনুযায়ী নিয়মিতভাবে সভার কার্যবিবরণী সরকারের কাছে পাঠানো হচ্ছে না। এতে সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও পর্যবেক্ষণে সমস্যা হচ্ছে।

বিশেষ করে ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি যথাযথভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।