...|...|...

অর্থনীতি

নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০৯ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:০২
Shares
নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

মূল্যস্ফীতি কমে এলেও ঝুঁকি পুরোপুরি কাটেনি। এ কারণে অক্টোবর-ডিসেম্বর ২০২৬ প্রান্তিকের মুদ্রানীতিতে নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসাথে মূল্যস্ফীতির গতিপ্রকৃতি ও অর্থনীতির অন্যান্য সূচক সতর্কতার সাথে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের ত্রৈমাসিক মুদ্রানীতি ঘোষণা করেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত মুদ্রানীতি কমিটির (এমপিসি) ১৪তম সভায় নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়। এর পাশাপাশি স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) হার ১১ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) হার ৭.৫০ শতাংশে বহাল রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মূল্যায়নে, সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি কমলেও তা দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণে এসেছে—এমন যথেষ্ট প্রমাণ এখনো নেই। বৈশ্বিক জ্বালানির দাম বৃদ্ধি, হরমুজ প্রণালিতে অচলাবস্থা, দেশে নিয়ন্ত্রিত জ্বালানির দামের ঊর্ধ্বমুখী সমন্বয় এবং নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাব্য প্রভাব মূল্যস্ফীতির ওপর চাপ বাড়াতে পারে।

কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এই পরিস্থিতিতে আগেভাগে মুদ্রানীতি শিথিল করা হলে মূল্যস্ফীতির প্রত্যাশা বেড়ে যেতে পারে। এতে মূল্যস্ফীতিকে লক্ষ্যমাত্রায় ফিরিয়ে আনার প্রক্রিয়া আরও দীর্ঘ হতে পারে।

কমেছে খাদ্য মূল্যস্ফীতি, চাপ রয়ে গেছে খাদ্যবহির্ভূতে

বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি অনুযায়ী, চলতি বছরের জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯.১৬ শতাংশ। আগস্টে তা কমে ৮.২৬ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। খাদ্য মূল্যস্ফীতি ৭.০২ শতাংশে নেমে আসাই মূলত সার্বিক মূল্যস্ফীতি কমার প্রধান কারণ।

তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি এখনো ৯.৩২ শতাংশ। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার ব্যয় নিয়ে চাপ পুরোপুরি কমেনি। এর সাথে জ্বালানির দাম বাড়লে পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। জাতীয় বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নও মূল্যস্ফীতিতে বাড়তি চাপ তৈরি করতে পারে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

অর্থনীতিতে মন্থরতা, শিল্প উৎপাদনও কমেছে

মূল্যস্ফীতির পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি নিয়েও উদ্বেগ রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৪.১৪ শতাংশ প্রাক্কলন করা হয়েছে। একই অর্থবছরের তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ২.২ শতাংশ হতে পারে বলে ধারণা করা হয়েছে। ওই সময়ে শিল্প উৎপাদন ০.২৮ শতাংশ সংকুচিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে, শিল্প উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি সরবরাহ এবং বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির মতো সূচকগুলো গত অর্থবছরে অর্থনৈতিক কর্মকাণ্ডের মন্থরতার চিত্র তুলে ধরেছে।

তবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থনীতিতে কিছুটা পুনরুদ্ধারের লক্ষণ দেখা গেছে। উচ্চ সুদে অর্থায়ন, জ্বালানি ঘাটতি, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং দেশি-বিদেশি চাহিদার অনিশ্চয়তা এখনো প্রবৃদ্ধির পথে বাধা হয়ে রয়েছে।

অর্থনীতির গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা

অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরাতে বিভিন্ন খাতে সহায়তা দেওয়ার উদ্যোগের কথাও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বন্ধ কারখানা পুনরায় চালুর জন্য ২০ হাজার কোটি টাকাসহ মোট ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের কথা মুদ্রানীতিতে উল্লেখ করা হয়েছে।

এর পাশাপাশি কৃষি, ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) এবং রফতানি বহুমুখীকরণে পুনঃঅর্থায়ন প্রকল্প নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, শুধু মুদ্রানীতির মাধ্যমে অর্থনীতির সরবরাহসংক্রান্ত বাধা দূর করা সম্ভব নয়। বিনিয়োগ ও উৎপাদন বাড়াতে আর্থিক সহায়তার পাশাপাশি কাঠামোগত সংস্কারও প্রয়োজন।

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৪.৭৫ শতাংশ

মুদ্রানীতি কিছুটা শিথিল করার পর আর্থিক বাজারে স্বস্তি ফিরলেও বেসরকারি খাতে ঋণের চাহিদা ও বিতরণ এখনো দুর্বল। গত ২ আগস্ট থেকে নীতি সুদহার ৫০ ভিত্তি পয়েন্ট কমিয়ে ৯.৫০ শতাংশ করা হয়। এরপর আন্তঃব্যাংক সুদহার ও সরকারি সিকিউরিটিজের ইল্ড কমেছে।

তবে ২০২৬ সালের আগস্টে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র ৪.৭৫ শতাংশ। বিনিয়োগে মন্থরতা, ঋণগ্রহীতাদের উচ্চ ঝুঁকি এবং ব্যাংকিং খাতের দুর্বলতাকে এর অন্যতম কারণ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে ২০২৬ সালের জুনে ব্যাংক খাতে খেলাপি ঋণের অনুপাত বেড়ে ৩২.৭৮ শতাংশে পৌঁছেছে। এ পরিস্থিতিতে ব্যাংক পুনর্গঠন, সুশাসন নিশ্চিত করা, মূলধন পুনরুদ্ধার এবং ঋণ শৃঙ্খলা জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে কেন্দ্রীয় ব্যাংক।

রেমিট্যান্সে বাড়তি স্বস্তি, লেনদেন ভারসাম্যে ঘাটতি

বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে ২০২৫-২৬ অর্থবছরে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই অর্থবছরে ব্যালেন্স অব পেমেন্টসের (বিওপি) উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৬.৬ বিলিয়ন ডলার।

তবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে সামগ্রিক লেনদেন ভারসাম্যে ঘাটতি দেখা দিয়েছে। মূলত আর্থিক হিসাবের ঘাটতির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

এর মধ্যে রেমিট্যান্স প্রবাহ ১৮.৯০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক খাতে কিছুটা স্বস্তি এসেছে। পাশাপাশি বিনিময় হার মোটামুটি স্থিতিশীল থাকায় আমদানিজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সহায়তা মিলেছে।

বাংলাদেশ ব্যাংক আগামী অর্থবছরে অর্থনীতির দ্রুত পুনরুদ্ধারের পরিবর্তে ধীরগতির পুনরুদ্ধারের প্রত্যাশা করছে। তবে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রবৃদ্ধির পূর্বাভাসে পার্থক্য রয়েছে। বিশ্বব্যাংক ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের আগের ৪.৩ শতাংশের পূর্বাভাস কমিয়ে ৩.৫ শতাংশ করেছে।

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ধীরে ধীরে কমতে পারে বলে ধারণা করা হলেও এর গতি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। ফলে মূল্যস্ফীতির ঝুঁকি বিবেচনায় নিয়ে আপাতত নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখার পথ বেছে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।