...|...|...

জাতীয়

নতুন দায়িত্ব পেলেন দুই মন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:২২ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:০৩
Shares
নতুন দায়িত্ব পেলেন দুই মন্ত্রী

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

জাতীয় সংসদের চলমান অধিবেশনকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খানের দায়িত্ব বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে নতুন দায়িত্ব বণ্টনের বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংসদের অধিবেশন চলাকালে রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধানমন্ত্রীর দায়িত্বাধীন মন্ত্রণালয় ও বিভাগসহ যেসব মন্ত্রণালয় বা বিভাগে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী দায়িত্বে নেই, সেসব দফতরের সংসদ-সংক্রান্ত কার্যক্রম নির্ধারিত মন্ত্রীদের মাধ্যমে পরিচালিত হবে।

এর অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অনুপস্থিত থাকলে এসব দায়িত্ব পালন করবেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খানকে রাষ্ট্রপতির কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আবদুল মঈন খানের অনুপস্থিতিতে এসব দায়িত্ব পালন করবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সংসদের অধিবেশন চলাকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম নির্বিঘ্ন রাখতেই এ দায়িত্ব বণ্টন করা হয়েছে।