দেশের সব বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্ম এবং ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা নিয়ে বিভিন্ন কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আলোচনাসভা, দোয়া মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
একই ধরনের কর্মসূচি পালন করবে জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি ও অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন, ওয়াক্ফ প্রশাসকের কার্যালয় এবং ঢাকা ও জেদ্দা হজ অফিসসহ দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানেও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কর্মসূচি আয়োজন করা হবে।
রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সব বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী বিভাগ নিজ নিজ অধিক্ষেত্রে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।


