...|...|...

জাতীয়

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সরকারের ব্যাপক আয়োজন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, বিকেল ৫:৫৬ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:১৪
Shares
ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সরকারের ব্যাপক আয়োজন

ফাইল ছবি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২৬ আগস্ট দেশব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে সরকার। ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে দিবসটি পালনের লক্ষ্যে এসব কর্মসূচি নেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন নিয়ে গত ১৩ আগস্ট অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় জাতীয় কর্মসূচি চূড়ান্ত করা হয়। ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দেবেন। একইসাথে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং সশস্ত্র বাহিনীর স্থাপনাগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, ট্রাফিক আইল্যান্ড ও বিভিন্ন স্থানে জাতীয় পতাকা, রঙিন পতাকা এবং ‘কালিমা তায়্যিবা’ লেখা ব্যানারে সাজসজ্জা করা হবে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ সচিবালয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী বিভাগ নিজ নিজ এলাকায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করবে।

দিবসটি ঘিরে ইসলামিক ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, সেমিনার, টকশো প্রচার, কিরাত, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আরবি খুতবা লেখা প্রতিযোগিতা।

এ ছাড়া স্মরণিকা বা ক্রোড়পত্র প্রকাশ এবং বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্রান্তে মাসব্যাপী ইসলামিক বইমেলার আয়োজন করা হবে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়াকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সংবাদপত্রগুলোকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

দেশের বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয়, ঢাকা ও জেদ্দা হজ অফিসসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কুইজ আয়োজন করা হবে।

এসব আয়োজনে হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামের শান্তি, মানবিক মূল্যবোধ, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে আলোচনা করা হবে।

দিবসটি উপলক্ষে দেশের সামরিক ও বেসামরিক হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু সদন, আবাসিক শিশু বিকাশ কেন্দ্র এবং প্রবীণ নিবাসে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে।

এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতেও যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হবে।

সরকার জানিয়েছে, দিবসটি শান্তিপূর্ণভাবে উদযাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।