পিছিয়ে পড়া পার্বত্য জেলা বান্দরবানের উন্নয়ন ত্বরান্বিত করতে দক্ষ, সৎ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। একইসাথে দুর্নীতি বা অযোগ্যতার কারণে কোনো কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি হিসেবে পাহাড়ে না পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় এসব কথা বলেন সারজিস আলম।
তিনি বলেন, বান্দরবান দেশের তুলনামূলক পিছিয়ে থাকা একটি জেলা। এখানকার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে হলে যোগ্য ও দায়িত্বশীল কর্মকর্তাদের পদায়ন জরুরি। কোনো কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি হিসেবে পাহাড়ে পাঠানো হলে তার নেতিবাচক প্রভাব সাধারণ মানুষের ওপর পড়তে পারে।
সারজিস আলম বলেন, পাহাড়ে বসবাসকারী কোনো জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। স্থানীয় মানুষের কাছ থেকেই তাদের সমস্যা ও সম্ভাবনার কথা জানতে হবে।
পাহাড়ের তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, পাহাড়ের বৈচিত্র্য বাংলাদেশের সম্পদ। বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান দেখিয়ে পারস্পরিক আস্থা ও সম্প্রীতির পরিবেশ তৈরি করতে হবে। জাতিগত পরিচয় কিংবা অন্য কোনো কারণে যেন কেউ বৈষম্যের শিকার না হন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
এনসিপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে সারজিস আলম বলেন, পাহাড় ও সমতলের বিভিন্ন এলাকায় দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করতে শিগগির নতুন কমিটি ঘোষণা করা হবে। তৃণমূল থেকে যোগ্য, সক্রিয় ও জনসম্পৃক্ত নেতাকর্মীদের নেতৃত্বে আনার মাধ্যমে এসব কমিটি গঠন করা হবে।
তিনি বলেন, সংগঠনকে শুধু জেলা বা শহরকেন্দ্রিক না রেখে উপজেলা ও স্থানীয় পর্যায় পর্যন্ত বিস্তৃত করা হবে। সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ তৈরি করে তাদের সমস্যা ও প্রত্যাশা দলীয়ভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।
আগামী দিনের স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, উপজেলা, পৌরসভাসহ স্থানীয় পর্যায়ের নির্বাচনে এনসিপির পক্ষ থেকে প্রার্থী দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। জনগণের সাথে সম্পৃক্ত, যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নেতৃত্বে আনার চেষ্টা করবে দল। দলীয় আদর্শ ও জনসম্পৃক্ততার ভিত্তিতে সম্ভাব্য প্রার্থী বাছাই করা হবে।
শাস্তিমূলক বদলি প্রসঙ্গে তিনি আরও বলেন, কোনো সরকারি কর্মকর্তা দুর্নীতির কারণে শাস্তি হিসেবে বান্দরবানে বদলি হলে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য তা আরও ক্ষতির কারণ হতে পারে। তাই কর্মকর্তাদের পদায়নের ক্ষেত্রে সরকারের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
সভায় জেলা এনসিপির আহ্বায়ক মংসাপ্রু চৌধুরীর সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইফতেকারুল ইসলাম, জেলা সদস্য সচিব প্রকৌশলী লূক চাকমাসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



