...|...|...

খেলা

দুই বছরের নিষেধাজ্ঞার মুখে পাকিস্তানি ওপেনার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৫৯ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:২৬
Shares
দুই বছরের নিষেধাজ্ঞার মুখে পাকিস্তানি ওপেনার

ছবি: সংগৃহীত

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের সময় চোট ঘিরে সৃষ্ট বিতর্কের জেরে বড় ধরনের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন পাকিস্তানের ব্যাটার ইমাম-উল-হক। ভুয়া ইনজুরির অভিযোগে তার ওপর এক থেকে দুই বছরের নিষেধাজ্ঞা আসতে পারে। পাশাপাশি শাস্তি হতে পারে উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানেরও। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপারের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ইমামের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অন্যদিকে রিজওয়ানের শৃঙ্খলাজনিত বিষয় নিয়েও পিসিবি কঠোর অবস্থানে রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং অদূর ভবিষ্যতে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনাও ক্ষীণ।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টের দল থেকে ইমাম ও রিজওয়ানকে বাদ দেয় পিসিবি। লর্ডস টেস্টের প্রথম দিনে ফিল্ডিংয়ের সময় বাঁ পায়ের পেশিতে সামান্য চোট পাওয়ার কথা জানান ইমাম। এর ফলে দুই ইনিংসের কোনোটিতেই তিনি ব্যাটিংয়ে নামেননি। তার অনুপস্থিতিতে পাকিস্তান ম্যাচ ও সিরিজ দুটোই হারে।

পিসিবির সন্দেহ, ইমাম ইনজুরির নাটক করেছেন। এই ঘটনার পর তার পুরোনো একটি বিতর্কও নতুন করে সামনে এসেছে। ২০২৫ সালের ২৮ মার্চ নিউজিল্যান্ড সফরে ইনডোর অনুশীলনে পায়ে আঘাত পাওয়ার কথা বলে আইসোলেশনে ছিলেন ইমাম।

তৎকালীন তদন্ত কমিটির মতে, সেবারও তিনি ইনজুরির কথা বাড়িয়ে বলে মেডিকেল টিমকে বিভ্রান্ত করেছিলেন এবং প্রথম ওয়ানডে খেলা থেকে নিজেকে বিরত রেখেছিলেন।