...|...|...

জাতীয়

দুই প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৪৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:১৫
Shares
দুই প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে এখনো সফরের তারিখ চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, ‘অবশ্যই প্রধানমন্ত্রী ভারত যাবেন। ভারতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে পুনরায় আলোচনা চলছে। তারিখ নির্ধারিত হয়নি।’

তিনি বলেন, সফরের সময়সূচি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। দুই দেশের প্রধানমন্ত্রীর সময়সূচি মিললে সফরের তারিখ নির্ধারণ করা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আলাপ-আলোচনা হচ্ছে। আলাপ-আলোচনার মাধ্যমে একটা তারিখ নির্ধারণ করা হবে। যখন সময় মিলবে, তখন প্রধানমন্ত্রী ভারত সফর করবেন। আমরা এখনো কোনো তারিখ নির্ধারণ করিনি।’

তিনি বলেন, এ সময় ৫ আগস্ট দিল্লির একটি ঘটনা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সেটিও ভারতের সঙ্গে আলোচনায় তোলা হয়েছে।

তিনি বলেন, ‘৫ আগস্টের দিল্লির ঘটনা বাংলাদেশের মানুষকে আঘাত করেছে। আমরা বিষয়টি আলোচনায় তুলেছি। এ নিয়ে আলোচনা চলছে।’

এদিকে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, কোনো ধরনের চাপের কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে উড়োজাহাজ কিনছে না।

তিনি বলেন, ‘বাংলাদেশের নিজস্ব প্রয়োজন ও চাহিদা বিবেচনা করেই এসব উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’