...|...|...

জাতীয়

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনারকে এখনো অনুমোদন দেয়নি ভারত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৩২ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০৭
Shares
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনারকে এখনো অনুমোদন দেয়নি ভারত

ছবি: সংগৃহীত

নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের নিয়োগের বিষয়ে এখনো সম্মতি দেয়নি ভারত। দেশটির অনুমোদন বা কূটনৈতিক ভাষায় ‘অ্যাগ্রিমেন্ট’ না পাওয়ায় নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার নিয়োগের প্রক্রিয়া আটকে আছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য প্রিন্ট’।

প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন দেশে নতুন হাইকমিশনার ও রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া গত জুলাই মাসে শুরু করে ঢাকা। এর অংশ হিসেবে নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামের নাম প্রস্তাব করে ভারতের কাছে অনুমোদন চাওয়া হয়। তবে এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো সম্মতি পাওয়া যায়নি।

কূটনৈতিক রীতি অনুযায়ী, কোনো দেশে রাষ্ট্রদূত বা হাইকমিশনার নিয়োগের আগে সংশ্লিষ্ট দেশের অনুমোদন প্রয়োজন হয়। তাই ভারতের সম্মতি ছাড়া সিয়ামের নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা সম্ভব নয়।

ভিয়েনা কনভেনশনের কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তিকে মিশনপ্রধান হিসেবে নিয়োগের আগে প্রেরণকারী দেশকে নিশ্চিত হতে হয় যে, গ্রহণকারী দেশ ওই ব্যক্তির নিয়োগে সম্মতি দিয়েছে।

তবে কোনো মনোনয়ন প্রত্যাখ্যান করলে গ্রহণকারী দেশকে এর কারণ জানানো বাধ্যতামূলক নয়। কূটনৈতিক সম্পর্কের স্বার্থে এ ধরনের প্রক্রিয়া সাধারণত গোপন রাখা হয়, যাতে দুই দেশের সম্পর্কে কোনো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি না হয়।

বর্তমানে ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এম. রিয়াজ হামিদুল্লাহ। চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে তাঁর জেনেভায় জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে নতুন দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।

আসাদ আলম সিয়াম বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশের অন্যতম জ্যেষ্ঠ পেশাদার কূটনীতিক। গত বছর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তাঁকে পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেয়।

পররাষ্ট্রসচিব হওয়ার আগে সিয়াম যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।