...|...|...

খেলা

তিন সেঞ্চুরিতে ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৫৫
Shares
তিন সেঞ্চুরিতে ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজের

প্রথম ওয়ানডেতে লড়াকু পুঁজি গড়েও ভারতীয় ব্যাটারদের দাপটে বড় হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। এবার দ্বিতীয় ওয়ানডেতে গুয়াহাটিতে ঘুরে দাঁড়িয়ে ওয়ানডে ইতিহাসেরই সেরা ব্যাটিং তাণ্ডব চালাল ওয়েস্ট ইন্ডিজ। হ্যাটট্রিক সেঞ্চুরিতে ভর করে নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো চার শর ঘর স্পর্শ করল ক্যারিবীয়রা।

ভারতের গুয়াহাটিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪০৫ রান সংগ্রহ করে শাই হোপের দল। ৫৩ বছরের ওয়ানডে ইতিহাসে এটিই ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ দলগত স্কোর। আগের সেরা সংগ্রহটি ছিল ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৯ রান।

ক্যারিবীয়দের এই ইতিহাসগড়া রেকর্ডের কাণ্ডারি দলের তিন সেঞ্চুরিয়ান—জন ক্যাম্পবেল (১০১), অধিনায়ক শাই হোপ (১০৪) ও আমির জাঙ্গু (১১৪)। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এ নিয়ে মাত্র ষষ্ঠবারের মতো একই ইনিংসে একই দলের তিন ব্যাটার তিন অঙ্কের দেখা পেলেন।

শুরুতে ৯ রানে প্রথম উইকেট হারানোর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ক্যাম্পবেল ও হোপ যোগ করেন ১১০ রান। ৬৮ বলে ১০১ রানের ঝোড়ো ইনিংস খেলে ক্যাচ দিয়ে ফেরেন ক্যাম্পবেল। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। এরপর তৃতীয় উইকেটে জাঙ্গুকে নিয়ে ইনিংসের সেরা ১৮২ রানের জুটি গড়েন হোপ। ক্যারিয়ারের ২০তম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়ে লিজেন্ড ব্রায়ান লারাকে (১৯ সেঞ্চুরি) টপকে যান অধিনায়ক হোপ। অন্যপ্রান্তে দাঁড়িয়ে মাত্র ৭০ বলে মারকুটে ভঙ্গিতে ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন বাঁহাতি ব্যাটার আমির জাঙ্গু।

ইনিংসের শেষ দিকে বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব জোড়া আঘাত হেনে ওয়ানডেতে নিজের ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। তবে রোস্টন চেসের অপরাজিত ২৯ রানের ক্যামিওতে ৪০৫ রানে গিয়ে থামে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিপক্ষে এটি যেকোনো দলের তৃতীয় সর্বোচ্চ স্কোর; তালিকায় শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২০১৫ সালে ৪৩৮ রান।

গুয়াহাটিতে ম্যাচটি জিততে হলে ভারতকে এখন গড়তে হবে নতুন ইতিহাস। ওয়ানডেতে ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটি ছিল ২০১৩ সালে জয়পুরে, অস্ট্রেলিয়ার দেওয়া ৩৬২ রানের লক্ষ্য তাড়া করে। সেই রেকর্ড ভাঙলেই কেবল জয় সম্ভব রোহিত-কোহলিদের।