...|...|...

ক্যাম্পাস

তিতুমীরস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন নেতৃত্ব

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, দুপুর ১:৪৭
Shares
তিতুমীরস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন নেতৃত্ব

ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘তিতুমীরস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। আগের কমিটি বিলুপ্ত করে সভাপতি পদে মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমানকে মনোনীত করা হয়েছে।

নতুন সভাপতি মাহমুদ হাসান কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা। সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি হাজীগঞ্জ উপজেলায়।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও কচুয়া উপজেলার সিজ্জাদ আহমদ। দপ্তর সম্পাদক পদে মনোনীত হয়েছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদ মাসুম হোসাইন। একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহিয়াকে প্রচার সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ায় সংগঠনের উপদেষ্টা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। তাঁরা বলেন, সংগঠনটির দীর্ঘদিনের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে চান তাঁরা। পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজন ও সময়ের বাস্তবতা বিবেচনায় নিয়ে সংগঠনের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে কাজ করবেন।

সদ্য সাবেক সভাপতি জিয়াউল হক বলেন, প্রতিষ্ঠার পর থেকে নিয়ম অনুযায়ী প্রতিবছর নতুন নেতৃত্ব আসার কথা থাকলেও দীর্ঘদিন সেই ধারাবাহিকতা বজায় থাকেনি। তাঁর ভাষ্য, আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠনটির মাত্র তিনটি কমিটি দায়িত্ব পালন করেছে এবং নেতৃত্ব নির্বাচনে অন্তর্ভুক্তির ঘাটতি ছিল।

জিয়াউল হক জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালে তাঁকে সভাপতি করে প্রায় ৭০ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির এক বছর পূর্ণ হওয়ার পর তিনি দায়িত্ব থেকে পদত্যাগ করেন। এরপর পরবর্তী নেতৃত্ব বাছাইয়ের জন্য উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে একটি সার্চ কমিটি গঠন করা হয়।

তাঁর দাবি, বর্তমান উপদেষ্টা পরিষদ দলমত-নির্বিশেষে একটি অন্তর্ভুক্তিমূলক কমিটি গঠনে ভূমিকা রেখেছে। নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য সার্চ কমিটির সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে জিয়াউল হক বলেন, “২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চেতনায় পতিত ফ্যাসিবাদ ছাড়া সবাইকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এই আকাঙ্ক্ষা থেকেই নবগঠিত কমিটিকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি এবং তাদের সফলতা কামনা করছি।”

নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীল ভূমিকা রাখবে বলে প্রত্যাশা জানিয়েছেন সংগঠনটির সংশ্লিষ্টরা।