চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) মেয়াদ শেষ হওয়ার মাত্র ১৬ দিন আগে শপথ নিতে যাচ্ছেন কার্যনির্বাহী সদস্য আকাশ দাস।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান।
চাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন আকাশ দাস। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্যের জেরে সমালোচনার মুখে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হননি তিনি। পরে বিষয়টি তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটি চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেয়।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের ২১তম সভায় আকাশ দাসকে ক্ষমা করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের এ সিদ্ধান্তের পর মঙ্গলবার তাকে শপথ পড়ানো হচ্ছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান বলেন, আজকে আকাশ দাসকে শপথ গ্রহণ করানো হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত হয়েছে। একবারে শপথ গ্রহণ না করানোর চেয়ে করানো ভালো।
চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, আমাদের প্রশাসন জানিয়েছে, আজ শপথ দেবে। তবে আজকে কোন সময় দেবে, তা জানায়নি। এটি সম্পূর্ণ ভিসি স্যারের আওতাধীন। তিনি কখন দেবেন বা কীভাবে দেবেন, সেটি তার বিষয়।

