বরগুনার তালতলী উপজেলার তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থীর পাঠদান চলছে জরাজীর্ণ টিনশেডে। অথচ বিদ্যালয়ের পাশেই দীর্ঘদিন ধরে পড়ে আছে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন পাঁচতলা ভবন। নির্মাণকাজ শেষ না হওয়ায় ভবনটি এখনো ব্যবহার উপযোগী হয়নি।
বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ সংকট দূর করতে ২০১৮-২০১৯ অর্থবছরে পাঁচতলা ভবনটির নির্মাণকাজ শুরু হয়। তবে নির্মাণকাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে রাখায় ভবনটি এখনো ব্যবহার করা যাচ্ছে না।
ফলে ছোট ও সংকীর্ণ কক্ষে গাদাগাদি করে শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে। গরমের সময় পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা না থাকায় পাঠদানেও ব্যাঘাত ঘটছে। একই সাথে ১০ জন শিক্ষক ও তিনজন কর্মচারীকে একটি সংকীর্ণ লাইব্রেরি কক্ষে বসে দাফতরিক কাজ করতে হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের বলেন, নতুন ভবনটি চালু হলে দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট দূর হবে। দ্রুত নির্মাণকাজ শেষ করে ভবনটি হস্তান্তরের দাবি জানান তিনি।
তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. টিপু সুলতান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সময়মতো কাজ শেষ করে ভবনটি হস্তান্তর না করায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, দ্রুত ভবনের অসমাপ্ত কাজ শেষ করে তা ব্যবহার উপযোগী করে দেওয়া হোক।


