...|...|...

রাজধানী

ঢাকার সড়কে আজ নামছে পিংক বাস, চালক-কন্ডাক্টর দুজনই নারী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, সকাল ৬:২৪ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৫০
Shares
ঢাকার সড়কে আজ নামছে পিংক বাস, চালক-কন্ডাক্টর দুজনই নারী

ঢাকার সড়কে আজ নামছে ‘পিংক বাস’, চালক-কন্ডাক্টর নারী। ছবি: সংগৃহীত

রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে গোলাপি রঙের এসব ‘পিংক বাস’ পরিচালনা করবেন নারী চালক ও কন্ডাক্টররা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর যাত্রী পাওয়া সাপেক্ষে বিকেল থেকে বাস চলাচল শুরু করবে। বুধবার থেকে নির্ধারিত রুটে নিয়মিত যাত্রীসেবা চালু হওয়ার কথা রয়েছে।

বিআরটিসি জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাস দিয়ে এই সেবা শুরু হবে। এর বাইরে বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাস যুক্ত করা হবে। যাত্রী চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

রাজধানীতে নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, আব্দুল্লাহপুর-কোয়ার্টার-জিপিও, মিরপুর-মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে চলবে এসব বাস। এছাড়া গাজীপুর-বিমানবন্দর রুটেও থাকবে বিশেষ বাস।

নতুনবাজার থেকে মতিঝিলগামী বাসটি কোকাকোলা, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে পৌঁছাবে। একইভাবে মিরপুর, মোহাম্মদপুর, ডেমরা ও আব্দুল্লাহপুর রুটের বাসগুলো রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে যুক্ত করবে।

ঢাকার বাইরে বগুড়ার শেরপুর-মাটিডালি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি করে বাস চলবে।

বিআরটিসির তথ্য অনুযায়ী, সরকারের নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে নারী চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত এই বাস সার্ভিস চালু করা হচ্ছে। এর মাধ্যমে গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোর পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণ বাড়বে বলে আশা করছে সংস্থাটি।