...|...|...

রাজধানী

রাজধানীতে গাড়িচাপায় নারী নিহত

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৫২
Shares
রাজধানীতে গাড়িচাপায় নারী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাত দ্রুতগামী গাড়ির চাপায় আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন জানান, ভোর আনুমানিক ৫টার দিকে খবর পেয়ে যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আউটগোয়িং লেনে একটি তৈরি পোশাক কারখানার বিপরীত পাশের সড়ক থেকে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তা ঢামেক মর্গে পাঠানো হয়।

তিনি স্থানীয়দের বরাতে জানান, রাতের কোনো এক সময় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী কোনো গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই আরও জানান, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনায় জড়িত গাড়িটি চিহ্নিত করতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।