আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অ্যান্টি-ডোপিং বিধি ভঙ্গের দায়ে তিন মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। আজ এক বিবৃতিতে আইসিসি এই তথ্য নিশ্চিত করেছে। তবে আইসিসি অনুমোদিত একটি মাদক নিরাময় ও পুনর্বাসন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার শর্তে ৩২ বছর বয়সী এই অলরাউন্ডারের নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে এক মাস করা হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর ডোপ টেস্টে নওয়াজের নমুনায় ‘কারবক্সি-টিএইচসি’ নামের নিষিদ্ধ পদার্থের উপস্থিতি ধরা পড়ে। এই উপাদানটি আইসিসির অ্যান্টি-ডোপিং কোডে অপব্যবহারযোগ্য মাদকের তালিকায় রয়েছে।
নওয়াজ অবশ্য নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। তবে তিনি আইসিসির কাছে প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে, নিষিদ্ধ এই উপাদানটি তিনি খেলার বাইরে থাকা অবস্থায় গ্রহণ করেছিলেন এবং এর সঙ্গে মাঠের পারফরম্যান্স বাড়ানোর কোনো সম্পর্ক ছিল না।
এর আগে গত ১ মে নওয়াজ সাময়িক নিষেধাজ্ঞা মেনে নিয়েছিলেন। ফলে তার শাস্তির মেয়াদ ওই দিন থেকেই কার্যকর করা হয়। এরপর আইসিসি অনুমোদিত একটি মাদক নিরাময় ও পুনর্বাসন কর্মসূচি সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়ায় তার তিন মাসের এই সাজা কমিয়ে এক মাস করা হয়। ইতিমধ্যে আড়াই মাসেরও বেশি সময় সাময়িক নিষেধাজ্ঞা কাটিয়ে ফেলায় নওয়াজের ওপর থেকে বর্তমান নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এখন শুধু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুনর্বাসন প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করলেই তাকে আর বাড়তি কোনো নিষেধাজ্ঞা বা শাস্তির মুখোমুখি হতে হবে না।
তবে আইসিসির ডোপিং-বিরোধী নিয়ম অনুযায়ী, গত ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর থেকে ১ মে সাময়িক নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগপর্যন্ত খেলা সব ম্যাচে নওয়াজের ব্যক্তিগত সব রান, উইকেট বা রেকর্ড বাতিল বা ডিসকোয়ালিফাই করা হয়েছে।

