দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এই রোগে মোট প্রাণহানি বেড়ে ৪৩৯ জনে দাঁড়াল। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন রোগী।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের। এ ছাড়া বরিশাল বিভাগে মারা গেছেন একজন।
সংক্রমণের দিক থেকেও এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। এই ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই ৯৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪৫ জন, খুলনা বিভাগে ২৩৫ জন, রাজশাহী ও বরিশাল বিভাগে সমান ২১৯ জন করে, রংপুর বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন এবং সিলেট বিভাগে ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই সর্বোচ্চ ২০৮ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া খুলনায় ৮০, চট্টগ্রামে ৪৩, ময়মনসিংহে ৩৭, বরিশালে ৩০, রাজশাহীতে ২৯, রংপুরে ৮ এবং সিলেটে ৪ জনের মৃত্যু হয়েছে।

