জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সব সংস্করণকে এক ছাতার নিচে এনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা ‘ডি থ্রি’ (ডমেস্টিক থ্রি)। ছয়টি করপোরেট ফ্র্যাঞ্চাইজি, তিনটি ফরম্যাট ও মোট ৪২ ম্যাচের এই আসরকে সামনে রেখে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো কোচ ও ম্যানেজমেন্ট নির্বাচন ড্রাফট।
আগামী ১৫ ডিসেম্বর বরিশালে টি-টোয়েন্টি দিয়ে পর্দা উঠবে এই প্রতিযোগিতার। এরপর জানুয়ারিতে চারদিনের প্রথম শ্রেণির ম্যাচ এবং মে মাসে হবে ওয়ানডে টুর্নামেন্ট। তিন বছরের জন্য কেনা ছয়টি ফ্র্যাঞ্চাইজি—এইস ব্লু স্টার, সিটিজেন্স ব্যাংক, সেভেন রিংস সিমেন্ট, একমি, ফরচুন ও ওয়ালটন গ্রুপ ড্রাফট থেকে দেশের শীর্ষ কোচদের দায়িত্ব দিয়েছে।
আজকের ড্রাফট থেকে প্রধান কোচ হিসেবে ওয়ালটন আব্দুর রাজ্জাককে, ফরচুন মোহাম্মদ সালাহ উদ্দিনকে, সেভেন রিংস সিমেন্ট তালহা জুবায়েরকে, একমি রাজিন সালেহকে, সিটিজেন্স ব্যাংক মিজানুর রহমান বাবুলকে এবং এইস ব্লু স্টার সোহেল ইসলামকে বেছে নিয়েছে। সহকারী কোচ হিসেবে যুক্ত আছেন মোহাম্মদ আশরাফুল, হান্নান সরকার, তুষার ইমরান ও তারেক আজিজের মতো সাবেক ক্রিকেটাররা।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর দলগুলো নিজেদের আইকন ক্রিকেটার চূড়ান্ত করে। ওয়ালটন মেহেদী হাসান মিরাজকে, ফরচুন তাওহীদ হৃদয়কে, একমি মোসাদ্দেক হোসেন সৈকতকে, সেভেন রিংস সিমেন্ট মুশফিকুর রহিমকে, এইস ব্লু স্টার নুরুল হাসান সোহানকে এবং সিটিজেন্স ব্যাংক নাঈম শেখকে আইকন হিসেবে নির্বাচিত করে।
প্রতিটি দল ২৩ জন করে ক্রিকেটার নিতে পারবে, যাদের চূড়ান্ত করা হবে আগামী ২৬ অক্টোবর খেলোয়াড় ড্রাফটে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব ক্রিকেটার বিসিবির নির্ধারিত সমপরিমাণ ম্যাচ ফি পাবেন—প্রথম শ্রেণিতে ১ লাখ ৫০ হাজার, ওয়ানডেতে ১ লাখ এবং টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা।

