...|...|...

সারাদেশ

ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আরএনবির দুই সদস্য আটক

সিলেট প্রতিনিধি
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৫৮
Shares
ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আরএনবির দুই সদস্য আটক

সিলেট রেলস্টেশনে অভিযান চালিয়ে অনলাইনে অবৈধভাবে ট্রেনের টিকিট সংগ্রহ করে বেশি দামে বিক্রির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করেছে জেলা প্রশাসন। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটক দুজন হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিসপুর এলাকার সঞ্জীব দাসের ছেলে সজীব দাস সঞ্জয় এবং সুনামগঞ্জ সদর উপজেলার জলিলপুর এলাকার মো. আব্দুল হান্নানের ছেলে মো. আবু তাহের। তারা দুজনই রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে কর্মরত বলে জানা গেছে।

অভিযান সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় টিকিট কালোবাজারির সাথে সম্পৃক্ততার অভিযোগে ওই দুই আরএনবি সদস্যকে আটক করা হয়।

অভিযোগ রয়েছে, তারা অনলাইনে অবৈধ পদ্ধতিতে বিভিন্ন ট্রেনের টিকিট সংগ্রহ ও ডাউনলোড করতেন। পরে এসব টিকিট যাত্রীদের কাছে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করতেন।

অভিযানের সময় টিকিট সংগ্রহে ব্যবহৃত মোবাইল ফোনগুলো জব্দ করা হয়। পরবর্তী তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক দুজনকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম বলেন, ‘ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সাধারণ যাত্রীরা যাতে নির্ধারিত মূল্যে সহজে টিকিট কিনতে পারেন, সেটি নিশ্চিত করাই এসব অভিযানের উদ্দেশ্য।’

তিনি বলেন, ‘অনলাইনে অবৈধভাবে টিকিট সংগ্রহ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের কারণে সাধারণ যাত্রীরা টিকিট পেতে সমস্যায় পড়েন। কালোবাজারি বন্ধে ভবিষ্যতে অভিযান আরও জোরদার করা হবে।’

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম। এ সময় রেলওয়ে থানা পুলিশ, দক্ষিণ সুরমা থানা পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।