...|...|...

খেলা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, বিকেল ৪:২১ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:১২
Shares
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ডারউইনে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে নাজমুল হোসেন শান্তর দল শুধু নিজেদের ক্রিকেট ইতিহাসকেই সমৃদ্ধ করেনি, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও তৈরি করেছে বড় পরিবর্তন।

২০২৫-২৭ চক্রে ৫ ম্যাচে ৩ জয় ও ১ ড্র নিয়ে পয়েন্ট শতাংশের হিসেবে বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। শান্তদের প্রাপ্ত পয়েন্টের হার এখন ৬৬.৬৭ শতাংশ।

ফলে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো বড় দলগুলোকে পেছনে ফেলে ওপরে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমান টেবিলে শান্তদের ওপরে রয়েছে কেবল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে কোনো দলের সাধারণত ৬৫ শতাংশের বেশি পয়েন্ট প্রয়োজন হয়। বাংলাদেশ বর্তমানে সেই কাঙ্ক্ষিত অবস্থানেই অবস্থান করছে। এই চক্রে বাংলাদেশের আর ৭টি টেস্ট ম্যাচ বাকি রয়েছে—অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১টি, দক্ষিণ আফ্রিকার মাঠে ২টি, এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধে ২টি করে ৪টি ম্যাচ।

লর্ডসের ফাইনালের টিকিট পেতে ১৪৪ পয়েন্টের মধ্যে বাংলাদেশকে অর্জন করতে হবে মোট ৮৭ পয়েন্ট। ৫ ম্যাচে ৪০ পয়েন্ট আগে থেকেই সংগৃহীত থাকায় বাকি ৭ টেস্ট থেকে বাংলাদেশের প্রয়োজন আর ৪৭ পয়েন্ট।

ফাইনালের পথে বাংলাদেশের দুটি সহজ সমীকরণ হতে পারে। প্রথমত, বাকি ৭ টেস্টের মধ্যে ৪টিতে জয় পাওয়া। এতে ৪৮ পয়েন্ট যুক্ত হয়ে মোট পয়েন্ট দাঁড়াবে ৮৮ (৬০% এর বেশি), যার ফলে তিনটি ম্যাচ হারলেও ফাইনালে ওঠা সম্ভব।

আরেকটি সমীকরণ এমন ৩টিতে জয় ও ৩টিতে ড্র। এতে ৩৬+১২ = ৪৮ পয়েন্ট অর্জিত হবে এবং ১টি ম্যাচ হারলেও কোনো সমস্যা হবে না।

বর্তমানে ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৭৫.০০ শতাংশ নিয়ে দ্বিতীয় দক্ষিণ আফ্রিকা এবং ৭২.২২ শতাংশ নিয়ে তৃতীয় স্থানে নিউজিল্যান্ড। অপরদিকে চারে থাকা বাংলাদেশের নিচে রয়েছে ভারত (৪৮.১৫%), শ্রীলঙ্কা (৪১.৬৭%), ইংল্যান্ড (২৪.৩৬%), পাকিস্তান (২২.২২%) ও ওয়েস্ট ইন্ডিজ (২০.৮৩%)।

ডারউইনের এই জয় প্রমাণ করেছে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখন যেকোনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করার সামর্থ্য রাখে। ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ২০২৭ সালের লর্ডস ফাইনালের লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকবে শান্তর দল।