উয়েফা নেশন্স লিগে স্পেন ও ইংল্যান্ডের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচের আগে বর্ণবাদ ইস্যুতে তীব্র বাকযুদ্ধে জড়িয়েছেন দুই দলের কোচ। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ইংল্যান্ড কোচ টমাস টুখেলের এক মন্তব্যের জবাবে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে সাফ জানিয়ে দিয়েছেন যে, স্পেনে কোনো বর্ণবাদ নেই।
রবিবার (১৫ নভেম্বর) রাতে উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের মাঠ মেত্রোপলিতানো স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। গ্রুপসেরা হওয়ার এই লড়াইটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় মিনিটে।
২০০৪ সালে রেয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে অনুষ্ঠিত এক কুখ্যাত ম্যাচের পর, মাদ্রিদে এটিই ইংল্যান্ডের প্রথম ম্যাচ। ওই ম্যাচে ইংল্যান্ডের খেলোয়াড়দের লক্ষ্য করে বর্ণবাদী স্লোগান দেওয়া হয়েছিল।
দীর্ঘ ২২ বছর পর মাদ্রিদে খেলতে যাচ্ছে ইংল্যান্ড দল, ইংলিশ কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের প্রতি দর্শকদের বর্ণবাদী আচরণের তিক্ত ইতিহাস রয়েছে। এই প্রেক্ষাপটে শুক্রবার সংবাদ সম্মেলনে টুখেল বলেন, তিনি আর কোনো অপ্রীতিকর ঘটনার আশা না করলেও পূর্বের নজির থাকায় খেলোয়াড়দের উয়েফার বর্ণবাদবিরোধী প্রোটোকল সম্পর্কে মনে করিয়ে দেবেন।
টুখেলের এই বক্তব্যের পর শনিবার (১৪ নভেম্বর) সংবাদ সম্মেলনে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের কাছে জানতে চাওয়া হয়, স্প্যানিশ ফুটবলে বর্ণবাদ মোকাবিলায় এখনো কাজ বাকি আছে কি না। জবাবে তিনি কড়া ভাষায় বলেন, আমি আপনাদের যা বলছি, তা থমাসকে বলে দেবেন যে স্পেনে কোনো বর্ণবাদ নেই। বিষয়টি একদম পানির মতো পরিষ্কার।
দে লা ফুয়েন্তে আরও যোগ করেন, ইংল্যান্ডের মতো স্পেনেও কোনো বর্ণবাদ নেই এবং তাদের কেউই বর্ণবাদী নন। তার এমন মন্তব্যের পরপরই মাদ্রিদের ফুটবল অঙ্গনে বেশ উত্তাপ ছড়িয়ে পড়ে।
স্প্যানিশ কোচের এই প্রতিক্রিয়ার পর শনিবার রাতেই সংবাদমাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করেন টমাস টুখেল। তিনি অভিযোগ করেন, স্প্যানিশ সাংবাদিকরা তার বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করেছেন এবং অহেতুক বিভ্রান্তি তৈরি করছেন।
টুখেল স্পষ্ট করেন যে তিনি কখনোই স্পেনে বর্ণবাদ আছে বলে মন্তব্য করেননি, বরং এক প্রশ্নের জবাবে কেবল এমন পরিস্থিতি তৈরি হলে কী নিয়ম অনুসরণ করা হয় তা জানিয়েছিলেন। তিনি সবসময় মাঠে একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ আশা করেন বলেও পুনর্ব্যক্ত করেন।
বৈষম্যমূলক আচরণ ঠেকাতে তিন ধাপের বিশেষ প্রোটোকল চালু করেছে উয়েফা। এর আওতায় বর্ণবাদী আচরণের ঘটনা ঘটলে রেফারি ম্যাচ বন্ধ করে দেওয়ার ক্ষমতা পাবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে শেষ পর্যন্ত পুরো ম্যাচ বাতিলের সিদ্ধান্তও নিতে পারবেন তারা।
প্রোটোকলের প্রথম ধাপে, এমন কোনো ঘটনা ঘটলে রেফারি খেলা বন্ধ করে স্টেডিয়ামের মাইকিং ব্যবস্থার মাধ্যমে দর্শকদের সতর্ক করার নির্দেশ দেবেন।
তাতেও পরিস্থিতির উন্নতি না হলে দ্বিতীয় ধাপে পাঁচ থেকে ১০ মিনিটের জন্য খেলা স্থগিত রাখতে পারবেন রেফারি। এ সময় দুই দলের খেলোয়াড়দের মাঠের বাইরে নিয়ে যাওয়ার সুযোগও থাকবে।
এরপরও যদি বর্ণবাদী বা বৈষম্যমূলক আচরণ বন্ধ না হয়, তাহলে তৃতীয় ধাপে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করার সিদ্ধান্ত নিতে পারবেন রেফারি।


