টানা ভারী বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে পাহাড় থেকে পড়ে একটি বন্যহাতি গুরুতর আহত হয়েছে। বন বিভাগের উদ্যোগে প্রাণিসম্পদ অধিদফতরের সহযোগিতায় হাতিটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে টেকনাফ রেঞ্জের সদর বনবিটের শিয়াল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, অতিবৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় হাতিটি পাহাড়ের প্রায় ১০০ থেকে ১৫০ ফুট ওপর থেকে নিচে পড়ে যায়। এতে হাতিটির পেট ও পায়ে গুরুতর আঘাত লাগে।
টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড় থেকে পড়ে যাওয়ার পর আহত হাতিটিকে বন বিভাগের সদস্য ও কমিউনিটি পেট্রোল গ্রুপ (সিপিজি) সদস্যরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।
তিনি বলেন, “আহত মা হাতিটিকে দ্রুত সুস্থ করে তুলতে প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি বিশেষ মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। চিকিৎসা ও প্রয়োজনীয় পরিচর্যা অব্যাহত রয়েছে।
কক্সবাজার দক্ষিণ বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “আহত বন্যহাতিটিকে বাঁচানোই এখন আমাদের প্রধান লক্ষ্য। প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বয়ে উন্নত চিকিৎসা ও সর্বোচ্চ পরিচর্যার মাধ্যমে হাতিটিকে সুস্থ করে তোলার জন্য বন বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন।


