ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় তুমুল বৃষ্টি হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টির সঙ্গে দফায় দফায় বজ্রপাতের শব্দ শোনা যায়।
ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এর আগে বেশ কিছু এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যায়। পরে শুরু হয় বজ্রপাতসহ বৃষ্টি। বৃষ্টি শুরুর পর বাতাসের তীব্রতা কিছুটা কমে আসে। তবে বৃষ্টির মধ্যে কিছু সময় পরপর বজ্রপাতের শব্দ শোনা যায়।
এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছিল, ২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময়ে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। এর আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।
তবে পূর্বাভাসের সময়ের আগের ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।


