...|...|...

ময়মনসিংহ

এমপির নাম ভাঙিয়ে টাকা নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, বিকেল ৪:১৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:২৭
Shares
এমপির নাম ভাঙিয়ে টাকা নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অভিযুক্ত নুরুল ইসলাম নবাব। ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর সাথে কোন্দলে জড়ানো উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের বিরুদ্ধে সংসদ সদস্যের নাম ভাঙিয়ে উপজেলার পাথর্শী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজা মেম্বারের কাছ থেকে দুই লাখ টাকা নেওয়া এবং মামলা বাণিজ্যের অভিযোগও উঠেছে। রাজা মেম্বারের কাছ থেকে দুই লাখ টাকা নেওয়ার কথোপকথনের একটি রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে ওই রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অপরদিকে ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন নুরুল ইসলাম নবাবের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ এনেছেন।

রাজা মেম্বারের সাথে নুরুল ইসলাম নবাবের কথোপকথনের ওই রেকর্ডটিতে রাজা মেম্বারকে বলতে শোনা যায়, ‘আপনি এমপি সাহেবের কথা বলে দুই লক্ষ টাকা নিয়ে এমপি সাহেবকে দেননি। আপনি বললেন ঢাকা যাবেন, ঢাকা গিয়ে এমপি সাহেবকে টাকা দিবেন। আমি এমপি সাহেবকে বলছি, ভাই আপনার সাথে নবাব ভাইয়ের দেখা হয়নি? এমপি সাহেব বললো, না দেখা হয়নি।’

এসময় নুরুল ইসলাম নবাবকে বলতে শোনা যায়, দিলা ত দ্বন্দ্ব লাগাইয়া। তুমি মেম্বারি করবা, এখন ইউনিয়নের পদে আছো, এরপরও এটা এমপি সাহেবকে বলে ভালো করছো?

রাজা মেম্বার বলেন, আমি সরলতাভাবে বলেছি, আর কোনো মানুষ ছিল না সেখানে।

এ বিষয়ে জানতে চাইলে রাজা মেম্বার বলেন, ওই বিষয় আগেই শেষ হয়ে গেছে। ওইটা অনেক আগের ঘটনা, সময়টা আমার মনে নাই।

অপরদিকে, উপজেলার চরপুটিমারি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি আইয়ুবকে দিয়ে আওয়ামী লীগ নেতাদের নামে মামলা করে ৩৩ আসামির কাছ থেকে ১ কোটি টাকা নিয়ে মামলা তুলে নেয়ার অভিযোগ আছে।

এ ঘটনায় নুরুল ইসলাম নবাব, তার স্ত্রী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাহমুদা নবাব, চরপুটিমারি ইউনিয়ন বিএনপির নেতা সরদার আলী মেম্বার এবং মামলার বাদি ওই ছাত্রদল নেতা আইয়ুব আলীর  বিরুদ্ধে এ অভিযোগ উঠেছিল।

ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন অভিযোগ করে বলেন, েপার্শ্ববর্তী জেলা শেরপুরে ডেকে নেয়া হয় ওই মামলার ৩৩ আসামিকে। শেরপুর শহরে একটি জায়গায় বসে প্রত্যেক আসামির কাছ থেকে ৩ লক্ষ টাকা করে ৯৯ লক্ষ টাকা নিয়ে মামলা তুলে নেয়া হয়। সেখানে নুরুল ইসলাম নবাব এবং মাহমুদা নবাব সশরীরে উপস্থিত ছিলেন।

মলিন বলেন, এসব নিয়ে তখন ইসলামপুরে প্রতিবাদ মিছিল হয়েছে। এরপর থেকে বিভিন্ন অনিয়মে জর্জরিত নুরুল ইসলাম নবাব আমাদের এমপির নাম ভাঙিয়ে চলছে, এমপির সম্মান ক্ষুণ্ন করে চলেছেন।

এসব বিষয়ে জানতে চাইলে ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব রাজা মেম্বারের কাছ থেকে দুই লাখ টাকা নেওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘আমার বিরুদ্ধে যারা মিথ্যা এবং বানোয়াট অভিযোগ তুলছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব, যদি তারা এসব অভিযোগের প্রমাণ না দেয়।’

এছাড়া অভিযোগ তদন্ত করে প্রমাণসহ খবর প্রকাশের জন্য বলেন তিনি।