রাজধানী ঢাকার ওপর দিয়ে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারী বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যানজটের শঙ্কা রয়েছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হতে পারে।
আবহাওয়া বিষয়ক পূর্বাভাসভিত্তিক প্রতিষ্ঠান ‘আবহাওয়াবিদ’-এর তথ্যমতে, চট্টগ্রাম বিভাগ থেকে ঢাকার দিকে ধীরগতিতে একটি বজ্রঝড় অগ্রসর হচ্ছে। মঙ্গলবার সকাল পর্যন্ত ঝড়টি কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে অতিক্রম করছে। পরে এটি ঢাকার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে ৯টার মধ্যে নারায়ণগঞ্জ ও নরসিংদীর ওপর দিয়ে বজ্রঝড়টি অতিক্রম করতে পারে। এরপর সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় রাজধানীতে তীব্র বজ্রপাতের পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টিপাতের স্থায়িত্ব ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত হতে পারে। দীর্ঘ সময় ধরে বৃষ্টি হলে ঢাকার নিচু এলাকা, সড়ক ও অলিগলিতে পানি জমে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এতে নগরীর স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে।
সকালে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানমুখী মানুষের চাপ থাকায় বৃষ্টির সাথে জলাবদ্ধতা তৈরি হলে ভোগান্তি আরও বাড়তে পারে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের গতি কমে গিয়ে সৃষ্টি হতে পারে দীর্ঘ যানজট। বিশেষ করে নিচু সড়ক ও পানি জমার প্রবণতা রয়েছে এমন এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে।


