...|...|...

সারাদেশ

টাঙ্গাইলে ৪ হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, রাত ১২:৩৭ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:১৫
Shares
টাঙ্গাইলে ৪ হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা

অনিয়মের অভিযোগে ভোক্তা অধিদফতরের জরিমানা। ছবি: টাইমস টুডে

টাঙ্গাইল পৌর শহরে বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি ক্লিনিক ও হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় পাইলট হাসপাতালের প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়।

রবিবার (২ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্যাথলজিস্টের অনুপস্থিতিতে পরীক্ষা-নিরীক্ষা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ওষুধ রাখার ফ্রিজের তাপমাত্রা সঠিক না থাকা এবং নষ্ট হয়ে যাওয়া রক্ত সংরক্ষণের মতো অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এ সময় পাইলট হাসপাতালকে ৫০ হাজার টাকা, জনতা ক্লিনিককে ৫০ হাজার টাকা, অ্যাপল হাসপাতালকে ২৫ হাজার টাকা এবং সেনা কম্বাইন্ড হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, গোপন সংবাদদের ভিত্তিতে এই ৪টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠানের প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়েছে। প্রতিনিয়তই এ ধরনের অভিযান চলমান থাকার কথাও জানিয়েছেন তিনি।