ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলের দারুণ জয়ের পুরো কৃতিত্ব বোলার ও দুই ওপেনারকে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের নতুন কন্ডিশনে খেলার এই অভিজ্ঞতা ভবিষ্যতে দলের জন্য দারুণভাবে কাজে লাগবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
সিরিজজুড়ে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে মিরাজ বলেন, ছেলেরা শুরু থেকেই অনেক ভালো খেলেছে। তাসকিন ও শরিফুল দারুণ বল করার পাশাপাশি নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করেছে। আমি দলের সবাইকে বলেছিলাম, আগের দুই ম্যাচে যা হয়েছে তা ভুলে যেতে। কারণ, সামনের ম্যাচটা জিততে পারলে আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে।
হারারের উইকেট ও কন্ডিশন নিয়ে টাইগার অধিনায়ক জানান, উইকেট বেশ কঠিন হলেও বোলারদের জন্য সেখানে বেশ সুবিধা ছিল। আর সেই সুবিধা কাজে লাগাতেই সিরিজের তিন ম্যাচেই আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পেসারদের কৃতিত্ব দিয়ে মিরাজ বলেন, আমাদের পেসাররা পুরো সিরিজেই দারুণ বোলিং করেছে। বিশেষ করে নাহিদ রানা, তাসকিন ও শরিফুলের পারফরম্যান্স পুরো সিরিজেই ছিল দুর্দান্ত।
২০০ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ১৫১ রানের অনবদ্য এক উদ্বোধনী জুটি গড়েন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখা এই জুটির প্রশংসা করে মিরাজ বলেন, সৌম্য এবং তানজিদ দারুণ একটি জুটি গড়েছে। ড্রেসিংরুমে আমাদের আলোচনা হয়েছিল যে প্রথম ১০ ওভারে কোনোভাবেই উইকেট দেওয়া যাবে না। তারা দুজন ঠিক সেভাবেই দারুণ ব্যাটিং করেছে, যা দলের সবার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।
সবশেষে জিম্বাবুয়ের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা নিয়ে মিরাজ বলেন, দীর্ঘদিন পর সম্পূর্ণ নতুন একটি ভেন্যু ও কন্ডিশনে আমাদের খেলা হলো। এই সিরিজ থেকে আমরা অনেক কিছু শিখেছি, যা ভবিষ্যতে কন্ডিশন অনুযায়ী মাঠে কাজে লাগানোর চেষ্টা করব।

