ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচন ঘিরে ব্যাপক অনিয়ম, জাল ভোট, ব্যালট বিতরণে পক্ষপাত, প্রার্থীদের ওপর হামলা এবং ফলাফল প্রভাবিত করার চেষ্টার অভিযোগ তুলেছে ওয়ান আইবি প্যানেল। নির্বাচনে এজেন্ট নিয়োগে বাধা, একাধিক ভোটার পরিচয়পত্র সংগ্রহ করে ভোট দেওয়ার চেষ্টা, একই টোকেন ব্যবহার করে একাধিক ব্যালট নেওয়া এবং ভোট গণনায় অনিয়মের অভিযোগও করেছে প্যানেলটি। এসব অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্যানেলের প্রার্থীরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ওয়ান আইবি প্যানেলের নেতারা। এতে মূল বক্তব্য দেন ঢাকা সেন্টারের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আতিকুর রহমান। এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনের দিনও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছিলেন প্যানেলটির প্রার্থীরা।
সংবাদ সম্মেলনে আতিকুর রহমান বলেন, নির্বাচনের শুরু থেকেই হলুদ প্যানেলের লোকজন আগ্রাসী আচরণ করতে থাকেন। দুপুর ২টার পর তারা জাল ভোট দেওয়ার চেষ্টা করেন। ব্যালটের হিসাব মেলাতে গেলে কম্পিউটার ডিভিশনের সেক্রেটারি পদপ্রার্থী ইমরুল কায়েস পারাগ এবং ঢাকা সেন্টারের কাউন্সিল সদস্য পদপ্রার্থী ইসমাইলসহ কয়েকজনের ওপর হামলা করা হয়।
তিনি অভিযোগ করেন, বিকেল ৩টার দিকে প্রার্থীরা আইইবি ভবনের ষষ্ঠ তলায় চার হাজারের বেশি ব্যালটের একটি বান্ডিল দেখতে পান। এ সময় কয়েকজনকে আটক করা হলেও নির্বাচন কমিশনের একজন সদস্য হলুদ প্যানেলের প্রার্থীদের সংগঠিত করে দলবল নিয়ে সেখান থেকে সরিয়ে নেন। পরে এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি।
নির্বাচনে ভোটার পরিচয়পত্রের অপব্যবহারের অভিযোগও করেন ওয়ান আইবি প্যানেলের নেতারা। তাদের দাবি, একজনের পরিচয়পত্র ব্যবহার করে অন্য ব্যক্তি ভোট দেওয়ার চেষ্টা করেছেন। একাধিক ভোটার পরিচয়পত্র অবৈধভাবে সংগ্রহ করা হয়েছিল। এমনকি একজন অপ্রকৌশলী যুবককে জাল ভোট দেওয়ার জন্য পাঠানো হয়। তাকে শনাক্ত করা হলে তিনি পালিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে যান। পরে তাকে আটক করা হলেও কোনো আইনি ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।
পোলিং অফিসার নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন আতিকুর রহমান। তার অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। অথচ ওই সব বিভাগের কয়েকজন প্রধান প্রকৌশলী হলুদ প্যানেল থেকে নির্বাচনে প্রার্থী ছিলেন এবং তারাই পোলিং অফিসার নির্বাচন করেছেন। এতে ভোটগ্রহণের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
এ ছাড়া একই টোকেন একাধিকবার ব্যবহার করে একাধিক ব্যালট দেওয়ার অভিযোগ করেন তিনি। ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের ব্যালট দীর্ঘ সময় পাওয়া যাচ্ছিল না। পরে সেগুলো আবার পাওয়া গেলেও কোথায় ছিল, সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো ব্যাখ্যা দিতে পারেনি। ভোটের শেষ দিকে কয়েকজন ভোটার টোকেন পেয়েও ব্যালট পাননি। ফলে ভোট না দিয়েই তাদের ফিরে যেতে হয়েছে বলে দাবি করেন প্যানেলের নেতারা।
তাদের আরও অভিযোগ, নির্বাচন কমিশনের কক্ষে প্রবেশাধিকার সীমিত থাকার কথা থাকলেও হলুদ প্যানেলের লোকজন অবাধে সেখানে প্রবেশ ও বের হয়েছেন। জাল ভোট ঠেকাতে গেলে স্কাউটস সদস্যদের ওপরও হলুদ প্যানেলের কর্মীরা হামলা করেন। নির্বাচনের বিভিন্ন অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরাও একাধিকবার হামলার শিকার হন এবং তাদের মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।
ভোটের হিসাব যাচাইয়ের ক্ষেত্রেও বাধা দেওয়ার অভিযোগ করেছে ওয়ান আইবি প্যানেল। তাদের দাবি, জাল ভোটের বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় ব্যালট স্লিপ ও ব্যালটের হিসাব মিলিয়ে দেখতে দেওয়া হয়নি। অ্যাবের সমর্থক হিসেবে পরিচিত কয়েকজন ভোটগ্রহণকর্মী পোলিং এজেন্টের মতো দায়িত্ব পালন করেন। প্রধান নির্বাচন কমিশনারের অনুমোদন বা কার্ড ছাড়াই তাদের মাধ্যমে ব্যালট বিতরণ করা হয়েছে। কে কতটি ব্যালট পেয়েছেন, সে হিসাবও নির্বাচন কমিশন দিতে পারেনি বলে অভিযোগ করেন তারা।
প্যানেলটির নেতারা আরও অভিযোগ করেন, ভোটগ্রহণের আগে ও পরে ফলাফল হলুদ প্যানেলের পক্ষে নেওয়ার চেষ্টা হয়েছে। এ ক্ষেত্রে অ্যাবের আহ্বায়ক শাহরিন ইসলাম তুহিন ও সাধারণ সম্পাদক শোয়েব বাশরী হাবলুল প্রভাব বিস্তার করেছেন বলে দাবি করেন তারা।
এর আগে নির্বাচনের দিন রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনে এজেন্ট নিয়োগে বাধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন হেডকোয়ার্টারের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও এলজিইডির সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. নুরুল হুদা। তিনি বলেন, সারা দেশে আইইবির ভোটার প্রায় ৩৪ হাজার। এর মধ্যে ঢাকায় ভোটার প্রায় ২২ হাজার। নির্বাচনে ৭৫০টি বুথ ও ২০টি কম্পিউটার ব্যবহারের ব্যবস্থা ছিল। এত বিপুলসংখ্যক ভোটারের নির্বাচনে এজেন্ট রাখার বিষয়ে নির্বাচন কমিশনের আচরণ ছিল প্রশ্নবিদ্ধ।
নুরুল হুদার অভিযোগ, নির্বাচনের আগের দিন কমিশন জানিয়ে দেয়, কোনো প্রার্থী বা প্যানেলের এজেন্ট রাখা যাবে না। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানালে রাত ১০টার দিকে কমিশন অবস্থান পরিবর্তন করে এজেন্ট রাখার অনুমতি দেয়। কিন্তু এজেন্টদের কার্ড দেওয়া হয় নির্বাচনের দিন সকালে। এতে এজেন্ট নিয়োগ ও দায়িত্ব পালনের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন ভবন বন্ধ রাখার কথা জানালেও হলুদ প্যানেলের নেতাকর্মীরা আগের রাতেই ভবনের ভেতরে অবস্থান করেন। নির্বাচনের দিন সকালে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। শুরুতে পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও বেলা ১১টার পর ধাক্কাধাক্কি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোটারদের জন্য পর্যাপ্ত জায়গা না থাকা এবং ব্যালট দেওয়ার সময় স্বাক্ষর না নেওয়ার বিষয়টিও অনিয়মের অংশ বলে উল্লেখ করেন তিনি।
নুরুল হুদা বলেন, টেক্সটাইল ডিভিশনে হলুদ প্যানেলের চারজন প্রার্থী ও কর্মীকে ব্যালট বিতরণ করতে দেখা যায়। তিনি এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদপ্রার্থী রেজা করিম এর প্রতিবাদ করেন। তখন সংশ্লিষ্ট ব্যক্তিরা নির্বাচন কমিশনের অনুমতি থাকার কথা জানান। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সেলিমের কাছে অভিযোগ জানানো হলেও তিনি কোনো জবাব দেননি বলে দাবি করেন নুরুল হুদা।
ভোটার পরিচয়পত্র সংগ্রহ করে একাধিক ভোট দেওয়ার চেষ্টার অভিযোগও করেন তিনি। তার দাবি, যারা ভোট দিতে আসেননি, বিদেশে অবস্থান করছেন, মারা গেছেন কিংবা বয়স বা শারীরিক অক্ষমতার কারণে কেন্দ্রে যেতে পারেননি- এমন ভোটারদের পরিচয়পত্র সংগ্রহ করা হয়েছিল। কোথাও কোথাও একটি স্বাক্ষরের বিপরীতে ১০০ থেকে ২০০টি পর্যন্ত পরিচয়পত্র সংগ্রহের অভিযোগ করেন তিনি।
নুরুল হুদা আরও বলেন, হলুদ প্যানেলের পক্ষে ভোট দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সমর্থকদের উদ্দেশে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়েছিল। ওই বার্তায় ভোট দেওয়ার পর ব্যালটের ছবি তুলে পাঠানোর নির্দেশনা ছিল বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া হলুদ টুপি পরা এক অপ্রকৌশলী যুবক পরিচয়পত্র নিয়ে ভোট দিতে গেলে তাকে শনাক্ত করা হয়। পরে তিনি পালিয়ে যান এবং পুলিশ তাকে আটক করে বলে জানান নুরুল হুদা।
ভোটগ্রহণের টোকেন ও ব্যালট ব্যবস্থাপনায়ও অনিয়মের অভিযোগ করেন তিনি। তার দাবি, টোকেন বিতরণ ও ফেরত নেওয়ার সঠিক হিসাব রাখা হয়নি। কোথাও টোকেন জমা না নিয়েই ব্যালট দেওয়া হয়েছে, আবার কোথাও টোকেন যাচাই না করে ব্যালট বিতরণ করা হয়েছে। এতে একজনের টোকেন ব্যবহার করে একাধিকবার ব্যালট নেওয়ার সুযোগ তৈরি হয়।
সংবাদ সম্মেলনে নুরুল হুদা বলেন, রাত দেড়টার দিকে তারা নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন। নির্বাচন কমিশন অভিযোগগুলোর বিষয়ে ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে প্রকৌশলীদের সংগঠিত করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে ঢাকা সেন্টারের সম্মানী সম্পাদক পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান প্রায় ৩০টি অনিয়মের অভিযোগ প্রমাণ ও ভিডিওসহ উপস্থাপন করেন বলে জানানো হয়। এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা ও ব্যবস্থা গ্রহণের দাবি জানান ওয়ান আইবি প্যানেলের নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শাহ মো. ফয়সাল বিন রহমান (হেডকোয়ার্টারের সম্মানী সহসাধারণ সম্পাদক- একাডেমিক ও আন্তর্জাতিক), ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম (হেডকোয়ার্টারের সম্মানী সহসাধারণ সম্পাদক- সেবা ও কল্যাণ), ইঞ্জিনিয়ার মো. শরিফুল ইসলাম (হেডকোয়ার্টারের সম্মানী সহসাধারণ সম্পাদক- প্রশাসন ও অর্থ), ইঞ্জিনিয়ার এস এম ফারহাদ (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক টেলিকম ক্যাডার), ইঞ্জিনিয়ার মনিরুল মাওলা (ভাইস চেয়ারম্যান), ইঞ্জিনিয়ার মো. নুর নবী (সেক্রেটারি), ইঞ্জিনিয়ার মাহফুজ আলম (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সেক্রেটারি), ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পারাগ (কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সেক্রেটারি) এবং ইঞ্জিনিয়ার মুহিবুল ইসলাম ফাহিম (ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের ভাইস চেয়ারম্যান)সহ কেন্দ্রীয় ও স্থানীয় কাউন্সিলর পদপ্রার্থীরা।



