...|...|...

রাজনীতি

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের দ্বিতীয় লংমার্চ ঘোষণা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:১৪
Shares
জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের দ্বিতীয় লংমার্চ ঘোষণা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট আগামী ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে লংমার্চটি রংপুরে গিয়ে শেষ হবে।

রবিবার ১১ দলীয় ঐক্যজোটের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক এএইচএম হামিদুর রহমান আযাদ।

তিনি জানান, ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় মানিক মিয়া অ্যাভিনিউতে নেতাকর্মীদের জমায়েত করা হবে। সেখানে সকাল ৮টা পর্যন্ত উদ্বোধনী সভা শেষে লংমার্চ শুরু হবে। যাত্রাপথে পাঁচটি পথসভা অনুষ্ঠিত হবে।

লংমার্চটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা হয়ে রংপুর জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, তাদের ছয় দফা দাবি এখন সাত দফায় রূপ নিয়েছে। দেশে দুর্নীতি, দখলদারিত্ব ও চাঁদাবাজি বেড়েছে-এমন অভিযোগ তুলে এসব বিষয়কে নতুন দাবির সাথে যুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন, তেল সংকট এবং এর সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক ও সামাজিক সংকট মোকাবিলায় সরকার কার্যকর কোনো সমাধান দিতে পারেনি।

জোটের সমন্বয়ক বলেন, এসব পরিস্থিতিতে সরকারের ওপর চাপ সৃষ্টি এবং নিজেদের দাবিগুলো তুলে ধরতেই নতুন করে লংমার্চের কর্মসূচি নেওয়া হয়েছে।