...|...|...

ময়মনসিংহ

জামালপুরে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০০
Shares
জামালপুরে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালত। একই সাথে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ দণ্ডাদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সলই মন্ডলপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে আসলাম হোসেন একই গ্রামের এক তালাকপ্রাপ্ত নারীকে ২০২৩ সালের ২০ জুলাই রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর বাবার বাড়িতে ধর্ষণ করেন। পরে বিয়ে না করে তিনি টালবাহানা করতে থাকেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসলাম হোসেনকে আসামি করা হয়।

মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে বিচারক মুহাম্মদ আবদুর রহিম মামলার প্রধান আসামি আসলাম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৪ লাখ টাকা জরিমানা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ প্রমাণ হওয়ায় আসামিকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন বিচারক।