জামালপুর সদরের লাহিড়ীকান্দায় বাস উল্টে ইজিবাইকের ওপর পড়ে চারজন নিহত হয়েছেন। এতে মহাসড়কে চার ঘন্টা ধরে যান চলাচল বন্ধ।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পরিচয় পাওয়া তিনজন হলেন জামালপুর সদর উপজেলার বাইটকামারী এলাকার মৃত ইউনুস আলীর ছেলে মো. জালাল উদ্দীন (৬০), তুলসীপুর সেগুয়া এলাকার মৃত আতাহার আলীর ছেলে মো. মকবুল হোসেন (৬৫) এবং বাইটকামারী এলাকার মো. ফরিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৪০)। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৮ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি চাপা পড়ার উপক্রম হলে বাসটি পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ইজিবাইকের ওপর পড়ে। এতে দুই যানবাহনের যাত্রীরা চাপা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। ঘটনাস্থল থেকে প্রথমে তিনজনের লাশ উদ্ধার করা হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাত সাড়ে ১০টার দিকে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, নিহতদের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


