জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ৩০ জুন থেকে শুরু হচ্ছে। আবেদন গ্রহণ চলবে ১৫ জুলাই রাত ১২টা পর্যন্ত।
রবিবার (২৮ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ জুন বিকেল ৪টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও যারা মেধাতালিকায় স্থান পাননি, মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হননি অথবা প্রথম, দ্বিতীয় ও কোটার মেধাতালিকায় ভর্তি হয়ে পরে ভর্তি বাতিল করেছেন—তারা প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।
এ ছাড়া বর্তমানে প্রথম, দ্বিতীয় বা কোটার মেধাতালিকায় ভর্তি থাকা কোনো শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে চাইলে তাকে অবশ্যই আগামী ৭ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে। অন্যথায় তিনি রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ পাবেন না।
আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে Applicant Login-এর ‘Honours Login’ অপশনে গিয়ে Application ID ও PIN ব্যবহার করে লগইন করতে হবে। এরপর বিভাগ ও জেলাভিত্তিক কলেজ নির্বাচন করে সর্বোচ্চ পাঁচটি কলেজে ভর্তি-যোগ্য (Eligible) বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন শেষে রিলিজ স্লিপের ফরম ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট অথবা পিডিএফ কপি সংরক্ষণ করতে হবে। তবে এ ফরম সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে না এবং কোনো আবেদন ফিও পরিশোধ করতে হবে না। একই সাথে রিলিজ স্লিপের আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়নেরও প্রয়োজন হবে না।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, রিলিজ স্লিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি বিষয়ক ওয়েবসাইটের ‘Prospectus (Honours)’ ও ‘Important Notice’ অপশনে পাওয়া যাবে।


