জাতিসংঘ সাধারণ পরিষদের একটি ভোটাভুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়ায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে জাতিসংঘে নিযুক্ত ফ্রান্সের স্থায়ী মিশন। প্যারিসের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে ওয়াশিংটন, যার ফলে আটকে থাকা নতুন ফরাসি রাষ্ট্রদূতের অনুমোদনের পথও সুগম হয়েছে।
ফ্রান্সের মিশন তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের সাম্প্রতিক একটি ভোটে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের অবস্থান ভিন্ন ছিল। তবে এই মতপার্থক্য কেবল একটি নির্দিষ্ট ভোটকে কেন্দ্র করে, মানবাধিকার রক্ষার মৌলিক বিষয় নিয়ে নয়। বিবৃতিতে আরও স্পষ্ট করা হয় যে, একটি ভোট নিয়ে এই প্রকাশ্যে দ্বিমত পোষণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের ঐতিহ্যগত ঘনিষ্ঠ অংশীদারত্ব, ঐতিহাসিক মিত্রতা কিংবা শান্তি ও স্থিতিশীলতার যৌথ প্রচেষ্টাকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করে না। বহুপক্ষীয় ফোরামগুলোতে ভবিষ্যতেও দুই দেশ একযোগে কাজ চালিয়ে যাবে।
ফ্রান্সের এই দুঃখ প্রকাশকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানিয়েছেন, তারা ফরাসি পক্ষের এই বিবৃতিটি লক্ষ্য করেছেন এবং এজন্য কৃতজ্ঞ। অভিন্ন মূল্যবোধ ও স্বার্থ সুরক্ষায় দুই দেশ আগামী দিনেও একসাথে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এই কূটনৈতিক বিরোধের জেরে ফ্রান্সের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মনোনীত প্রার্থী অরেলিয়াঁ লেশেভালিয়েরের (যিনি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারোর প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন এবং লরাঁ বিলির স্থলাভিষিক্ত হওয়ার কথা) নিয়োগের অনুমোদন আটকে রেখেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। সাধারণত রাষ্ট্রদূতের অনুমোদন একটি রুটিন প্রক্রিয়া হলেও এই বিরোধের কারণে বিষয়টি দীর্ঘদিন ঝুলে ছিল।
ঘটনার সূত্রপাত হয়েছিল গত ২৪ জুলাই। ওই দিন জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকারবিষয়ক প্রধান হিসেবে ভলকার তুর্কের মেয়াদ বাড়ানোর প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয় যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়া, রাশিয়া ও নিকারাগুয়াসহ মাত্র ১০টি দেশ ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিল। যুক্তরাষ্ট্রের এই অবস্থানের পর ফরাসি মিশন তাদের এক্স হ্যান্ডলে দেওয়া এক কড়া বার্তায় লিখেছিল, যুক্তরাষ্ট্র একসময় মানবাধিকারের আলোকবর্তিকা ছিল, এখন আর নয়। এই পোস্টের পরেই দুই দেশের সম্পর্কে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়।


