...|...|...

বিশ্ব

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বিশ্বের সবচেয়ে দুর্বল শহরের তালিকায় ঢাকা-চট্টগ্রাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩৩
Shares
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বিশ্বের সবচেয়ে দুর্বল শহরের তালিকায় ঢাকা-চট্টগ্রাম

ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলার সক্ষমতায় বিশ্বজুড়ে সর্বনিম্ন তালিকার প্রথম সারিতে এসেছে বাংলাদেশের দুই বড় শহরের নাম। ভৌগোলিক-স্থানিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রতিষ্ঠান ‘আলফা-জিও’-এর এক মূল্যায়নে দেখা গেছে, বিশ্বের ৭২টি বড় শহরের মধ্যে দুর্যোগ মোকাবিলার সর্বনিম্ন সক্ষমতায় রাজধানী ঢাকা চতুর্থ এবং বন্দরনগরী চট্টগ্রাম নবম স্থানে রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

বন্যা, তীব্র তাপপ্রবাহ, খরা, দাবানল ও ঘুর্ণিঝড়ের মতো জলবায়ুজনিত ঝুঁকির পাশাপাশি আগাম সতর্কবার্তা ব্যবস্থা, শাসনব্যবস্থা, নীতিগত প্রস্তুতি এবং অবকাঠামোগত কাঠামোর ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করেছে আলফা-জিও। এতে প্রাকৃতিক ঝুঁকির তুলনায় অভিযোজন ও সুরক্ষার ঘাটতি থাকায় ঢাকার পাশাপাশি চট্টগ্রামকেও চরম ঝুঁকিপূর্ণ শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আলফা-জিওর তৈরি সর্বনিম্ন সক্ষমতার এই তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ভারতের আহমেদাবাদ। এরপর পাকিস্তানের হায়দরাবাদ ও মুলতান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। তালিকায় চতুর্থ ঢাকার পর রয়েছে পাকিস্তানের লাহোর, ভারতের কলকাতা, পাকিস্তানের ফয়সালাবাদ ও করাচি, বাংলাদেশের চট্টগ্রাম এবং তাইওয়ানের তাইপেই।

এর বিপরীতে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বের সবচেয়ে সক্ষম শহরের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের শিকাগো। এর পর রয়েছে যথাক্রমে ইথিওপিয়ার আদ্দিস আবাবা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, স্পেনের বার্সেলোনা, তুরস্কের আঙ্কারা ও আর্জেন্টিনার বুয়েনস এইরেস।