...|...|...

জাতীয়

বিশ্বব্যাংকের সহযোগিতা চান পানিসম্পদমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৫৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০৩
Shares
বিশ্বব্যাংকের সহযোগিতা চান পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপিসহ বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দেশের পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে বিশ্বব্যাংকের মিশন প্রধান জ্যাঁ পেসমের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সহযোগিতার আহ্বান জানান তিনি। সভায় পানিসম্পদ মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পানিসম্পদমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে বন্যা, নদীভাঙন, জলাবদ্ধতা, লবণাক্ততা ও খরার মতো প্রাকৃতিক চ্যালেঞ্জ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, ‘সরকার দেশের নদী, খাল ও জলাশয় পুনরুদ্ধার এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি নদীভাঙন ও বন্যার ক্ষয়ক্ষতি কমাতে প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

মন্ত্রী আরও বলেন, ‘পানিসম্পদের সঠিক ব্যবস্থাপনা দেশের কৃষি, পরিবেশ ও মানুষের জীবনযাত্রার সঙ্গে সরাসরি জড়িত। তাই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।’

এ সময় বিশ্বব্যাংকের মিশন প্রধান জ্যাঁ পেসমে বাংলাদেশের পানিসম্পদ খাতের উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, ‘পানিসম্পদের সমন্বিত পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংক গুরুত্ব দিয়ে কাজ করছে।’

সভায় পানিসম্পদ খাতে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র এবং উভয় পক্ষের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বিশ্বব্যাংকের সহযোগিতায় দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা আরও কার্যকর ও আধুনিক হবে।