ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে কলকাতায় পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির কার্যালয়ে তার একটি পূর্ণাবয়ব মোমের মূর্তি উন্মোচন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে মূর্তিটি উন্মোচনের পাশাপাশি মোদির ২৫ বছরের প্রশাসনিক জীবন স্মরণে মাসব্যাপী উদযাপনের সূচনা করেছে দলটি।
পশ্চিমবঙ্গের আসানসোলের ভাস্কর সুশান্ত রায় মোম ও লোহা ব্যবহার করে ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার মূর্তিটি তৈরি করেছেন। মূর্তিতে মোদিকে পরানো হয়েছে ধুতি ও পাঞ্জাবি।
সুশান্ত রায় জানান, ২০২১ সালের ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয় উদযাপনের দিন দিল্লিতে নরেন্দ্র মোদি যে বেশভূষায় হাজির ছিলেন, সেটিকে অনুকরণ করেই এটি তৈরি করা হয়েছে। মোদিকে সরাসরি উপহার দেওয়ার ইচ্ছা থাকলেও প্রটোকল জটিলতায় পরে এটি রাজ্য কার্যালয়ে উন্মোচন করা হয়।
পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি ও রাজ্যসভার সদস্য শমীক ভট্টাচার্যের তত্ত্বাবধানে মূর্তিটির উন্মোচন সম্পন্ন হয়। তিনি উল্লেখ করেন, গত ২৫ বছরে ভারতের অগ্রগতিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন মোদি।
উল্লেখ্য, মোদির ৭৬তম জন্মদিন ও তার দীর্ঘ প্রশাসনিক জীবনের সাফল্য উদযাপন উপলক্ষে বিজেপি ভারতজুড়ে মাসব্যাপী সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় সারা দেশে দীপাবলির মতো মাটির প্রদীপ জ্বালানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।


