পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য প্রয়োজনীয় নতুন জ্বালানি (ইউরেনিয়াম) আগামীকাল শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ঢাকায় পৌঁছাতে পারে। রাশিয়া থেকে এই জ্বালানি পরিবহনে প্রয়োজনীয় সকল নিরাপত্তামূলক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ।
বাংলাদেশে রোসাটমের প্রেস কনসালট্যান্ট প্রধান ড. ফরহাদ কামাল নিশ্চিত করেছেন, শুক্রবার দুপুর নাগাদ ইউরেনিয়ামের চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। নিয়ম অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্র চালুর নির্দিষ্ট সময় পর কিছু ইউরেনিয়াম অ্যাসেম্বলি বদলাতে হয়। সেই বাড়তি জ্বালানিই এখন আনা হচ্ছে।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান জানান, নির্ধারিত পথে জটিলতা থাকলে চীন হয়ে বিকল্প রুটে ইউরেনিয়াম আসতে পারে। তবে যে পথেই আসুক, বিমানবন্দর থেকে ঈশ্বরদী পর্যন্ত নিরাপদে জ্বালানি পৌঁছে দিতে প্রস্তুত প্রশাসন।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাছান জানান, ১ অক্টোবর রাশিয়া থেকে কার্গো ফ্লাইট ছাড়ার কথা ছিল এবং সব নিরাপত্তা নিশ্চিত করে জ্বালানি বুঝে নিতে তাঁরা সম্পূর্ণ প্রস্তুত। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামও দেশে পৌঁছাবে বলে রোসাটম নিশ্চিত করেছে।
এদিকে দুই মাসের টানা চেষ্টার পর অবশেষে প্রথম ইউনিটের অটোমেটিক প্রেশার ভালভের প্রথম ধাপের পরীক্ষা ১৬ মেগাপ্যাসকেলে সফল হয়েছে। ড. জাহেদুল হাছান এটিকে বিদ্যুৎকেন্দ্রের বড় অর্জন হিসেবে উল্লেখ করে জানান, সার্কিটে অতিরিক্ত চাপ জমলে স্বয়ংক্রিয়ভাবে তা বের করে দেবে এই সংবেদনশীল ভালভগুলো। এরপর ১৮ মেগাপ্যাসকেলের চূড়ান্ত পরীক্ষা সফল হলেই চালুর কাছাকাছি পৌঁছাবে বহুল কাঙ্ক্ষিত প্রথম ইউনিট।


