গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক ছাত্রীকে শারীরিক হেনস্তার অভিযোগে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপালকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। শিশুটির পরিবারের অভিযোগ, তিন দিন আগে মাদ্রাসায় তার সাথে অশালীন আচরণ করেন ওই শিক্ষক।
অভিযুক্ত মুসলেউদ্দিন টঙ্গীর আউচপাড়া এলাকার করিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকে শিশুটি মাদ্রাসায় যেতে চাইছিল না। এর কারণ জানতে চাইলে প্রথমে সে কিছু জানায়নি।
অভিযোগ রয়েছে, ঘটনাটি কাউকে জানালে মারধর করা হবে বলে শিশুটিকে হুমকি দেওয়া হয়েছিল। এ কারণে ভয়ে সে বিষয়টি গোপন রাখে।
পরে মা-বাবার জিজ্ঞাসাবাদে শিশুটি তার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা জানায়। মেয়ের মুখে অভিযোগ শোনার পর বুধবার দুপুরে তার বাবা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। পরে উত্তেজিত জনতা ওই শিক্ষককে মারধর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। এটি খুবই দুঃখজনক। আমরা তাকে আটক করেছি। মামলা নেওয়া হবে। আইনের যে ধারা রয়েছে, সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


