রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কের উজো বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে গণঅধিকার রক্ষা কমিটি। পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তায় সাজেক থেকে তিন হাজার পর্যটককে নামিয়ে আনা হয়েছে। তারা বাঘাইহাটের পথে রয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৬টার দিকে সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং শুরু করেন অবরোধকারীরা। এতে সাজেকের সাথে সড়ক যোগাযোগ ব্যাহত হয়।
নিরাপত্তার কারণে বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মোজাম্মেল হক জানান, পর্যটকদের নিরাপদে পৌঁছে দিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি।
উল্লেখ্য, তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ার অভিযোগে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিল। অবরোধে পর্যটননির্ভর সাজেকের যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি পর্যটক, পরিবহন শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।


