রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সশস্ত্র ব্যক্তিদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে সাজেক সড়কে অবরোধ চলার সময় এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্র জানায়, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারি অ্যাসোসিয়েশন বুধবার বিকেলে যৌথভাবে তৃতীয় দফায় সড়ক অবরোধের ঘোষণা দেয়।
এদিকে, অবরোধ ও সংঘর্ষের কারণে সাজেকের সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বারবার অবরোধের কারণে পর্যটকদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যটন ব্যবসায়ও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
এ ঘটনায় সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তোফাজ্জল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা এখন ব্যস্ত আছি, পরিস্থিতি স্বাভাবিক হলে পরে বিস্তারিত জানাবো। এছাড়া তাৎক্ষণিকভাবে প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


