...|...|...

ক্যাম্পাস

চুয়েটের আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বড় আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, রাত ৩:৫০
Shares
চুয়েটের আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বড় আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন। ছবি: টাইমস টুডে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলন এবার ক্যাম্পাস পেরিয়ে মূল শহরে ছড়িয়ে পড়েছে। দাবি আদায়ে চট্টগ্রাম নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন পরিচালনা করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন চুয়েটের শতাধিক শিক্ষার্থী।

মানববন্ধনে বক্তারা বলেন, টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ও প্রাক্তন ভিসিকে ফিরিয়ে আনার দাবিতে তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছেন। তবে প্রশাসন ও সরকারের তরফ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ না পাওয়ায় বাধ্য হয়েই তারা আন্দোলন ক্যাম্পাসের বাইরে নিয়ে এসেছেন। অনতিবিলম্বে ড. সায়েমকে পুনর্বহাল করা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

একই দাবিতে ক্যাম্পাসেও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত রয়েছে। চুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মঈনুল ইসলাম জানান, অহিংস উপায়ে আন্দোলন পরিচালনা করা হলেও দীর্ঘ শাটডাউনের কারণে শিক্ষার্থীদের শিক্ষা জীবন মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। অনাকাঙ্ক্ষিত এই স্থবিরতা দূর করতে অনতিবিলম্বে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর দায়িত্ব পালনের মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে ক্লাস-পরীক্ষা বর্জনসহ প্রশাসনিক ভবন তালাবদ্ধ রেখে লাগাতার আন্দোলন চালিয়ে আসছে বিশ্ববিদ্যালয়টির সব পক্ষ।